বিশ্বজুড়ে চলছে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা। তার রেশ লেগেছে বাংলাদেশেও। প্রিয় দলকে ঘিরে বন্ধুদের আড্ডা থেকে শুরু করে পরিবার-পরিজনের মধ্যেও চলছে তর্ক-বিতর্ক। সেই পরিচিত ফুটবল-আবেগ ও সমর্থকদের মজার দ্বন্দ্বকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে নতুন নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’।
নাটকের গল্প
নাটকের গল্পে দেখা যাবে, একটি পরিবারের জামাই ও শ্বশুর আর্জেন্টিনার সমর্থক। অন্যদিকে স্ত্রী ও শাশুড়ি ব্রাজিলের ভক্ত। ফুটবলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে শুরু হয় মজার সব তর্ক-বিতর্ক। এর মধ্যেই রয়েছে কিছু গোপন সমর্থক, যারা পরিস্থিতিকে আরও হাস্যরসাত্মক করে তোলে। একসময় পারিবারিক এই দ্বন্দ্ব রূপ নেয় জমজমাট এক ফুটবল যুদ্ধে।
অভিনয়শিল্পী ও নির্মাণ
নাটকটিতে অভিনয় করেছেন কামরুল তিহান, ডিম্পল আহমেদ, শাহিন মৃধা, সাহেলা আক্তার, ফারহান আক্তার, সাবরিন মুলিমাসহ আরও অনেকে। ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’ নাটকের রচনা ও চিত্রনাট্য করেছেন বিশ্বজিৎ কুরি জিতু। চিত্রগ্রহণ করেছেন সুজন মেহমুদ এবং সম্পাদনায় রয়েছেন আতিক রহমান। নাটকটি পরিচালনা করেছেন ইফতেখার ইফতি।
নির্মাতাদের আশা, ফুটবলপ্রেমীদের পরিচিত আবেগ, পারিবারিক হাস্যরস এবং বিশ্বকাপ উন্মাদনার মিশেলে নাটকটি দর্শকদের বিনোদনের নতুন খোরাক জোগাবে। শিগগিরই নাটকটি প্রচারিত হবে ‘দর্পন অরিজিনাল ড্রামা’ চ্যানেলে।



