বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কালজয়ী উপন্যাস ‘চোখের বালি’ নিয়ে পাঠচক্রের আসর করেছে ড্যাফোডিল বন্ধুসভা। ১১ জুন বিকেলে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সবুজে ঘেরা মনোরম বনমায়া প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়।
উপন্যাসের মনস্তাত্ত্বিক বিশ্লেষণ
শুরুতেই পাঠাগার ও পাঠচক্র সম্পাদক জেবা আনিকা উপন্যাসটি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তাঁর বক্তব্যে উঠে আসে ‘চোখের বালি’ উপন্যাসের গভীর মনস্তাত্ত্বিক দিক, চরিত্রগুলোর জটিল সম্পর্ক, মানবমনের সূক্ষ্ম আবেগ এবং তৎকালীন সমাজব্যবস্থার বাস্তব চিত্র। জেবা আনিকা বলেন, ‘১৯০৩ সালে প্রকাশিত “চোখের বালি” বাংলা সাহিত্যের প্রথম আধুনিক মনস্তাত্ত্বিক উপন্যাস হিসেবে বিশেষভাবে পরিচিত। যেখানে বাইরের ঘটনার চেয়ে মানুষের মনের ভেতরের দ্বন্দ্ব, আকাঙ্ক্ষা, অভিমান ও অপূর্ণতাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।’
আলোচনায় মহেন্দ্র, আশালতা, বিনোদিনী ও বিহারী চরিত্রগুলোর ভেতরের মানসিক টানাপোড়েন অত্যন্ত সুন্দরভাবে ব্যাখ্যা করেন জেবা আনিকা। মহেন্দ্রর আত্মকেন্দ্রিকতা, আশালতার সরলতা, বিনোদিনীর না-পাওয়ার বেদনা ও আত্মসম্মান বোধ এবং বিহারীর আদর্শবাদী ও মানবিক ব্যক্তিত্ব—সবকিছুই তাঁর উপস্থাপনায় জীবন্ত হয়ে ওঠে। বিশেষভাবে কীভাবে সমাজের বিধিনিষেধ ও বঞ্চনা একজন নারীর মনে ক্ষোভ, অভিমান ও প্রতিশোধস্পৃহা তৈরি করতে পারে, আবার সেই মানুষটিই ভালোবাসা ও মর্যাদার সামনে এসে নিজের ভেতরের কোমল ও পবিত্র সত্তাকে আবিষ্কার করে।
জেবা আনিকা বলেন, ‘“চোখের বালি” কেবল একটি প্রেমের গল্প নয়; এটি মানুষের মন, সম্পর্কের ভাঙাগড়া, সামাজিক বাস্তবতা এবং নারীর অবস্থান নিয়ে গভীর এক সাহিত্যিক বিশ্লেষণ।’
সাহিত্যচর্চার পূর্ণাঙ্গ আসর
আলোচনার একপর্যায়ে রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যভাবনা, তাঁর অন্যান্য গল্প, কবিতা ও উপন্যাস নিয়েও সংক্ষিপ্ত আলোচনা ও স্মৃতিচারণা করা হয়। ফলে পুরো আয়োজনটি হয়ে ওঠে একটি পূর্ণাঙ্গ সাহিত্যচর্চার আসর।
বন্ধু মোহাম্মদ ত্বোয়া-হা উপন্যাসটির মনস্তাত্ত্বিক গভীরতা ও চরিত্রগুলোর আবেগঘন দ্বন্দ্বের বিষয়টি তুলে ধরে বলেন, ‘“চোখের বালি” শুধু একটি প্রেমের গল্প নয়; বরং মানুষের না-পাওয়া, অভিমান, আকাঙ্ক্ষা ও আত্মপরিচয়ের জটিল অনুভূতির এক বাস্তব প্রতিচ্ছবি। বিশেষ করে বিনোদিনীর চরিত্রের ভেতরের একাকিত্ব ও বঞ্চনার অনুভূতি আমাকে সবচেয়ে বেশি ভাবিয়েছে।’
সভাপতি মুসাভভির সাকির বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুর মানুষের মনের সূক্ষ্ম অনুভূতিগুলোকে এত নিখুঁতভাবে তুলে ধরেছেন বলেই “চোখের বালি” আজও পাঠকের কাছে সমান প্রাসঙ্গিক।’ তিনি সাহিত্যচর্চার গুরুত্ব তুলে ধরে বলেন, এমন পাঠচক্র বন্ধুদের চিন্তা, বিশ্লেষণ ক্ষমতা ও সাহিত্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বন্ধু সালমান ফারসি তাঁর বক্তব্যে উপন্যাসের সামাজিক বাস্তবতা ও নারীর অবস্থান নিয়ে কথা বলেন। তিনি উল্লেখ করেন, তৎকালীন সমাজে বিধবা নারীদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি এবং তাদের না-পাওয়ার বেদনা রবীন্দ্রনাথ অত্যন্ত শক্তিশালীভাবে উপস্থাপন করেছেন। একই সঙ্গে তিনি বিহারী চরিত্রের মানবিকতা, সংযম ও নৈতিকতার বিষয়টিকেও উপন্যাসের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হিসেবে তুলে ধরেন।
নতুন বন্ধু ফাইকুজ্জামান নিজের স্বতন্ত্র দৃষ্টিভঙ্গিতে ‘চোখের বালি’ উপস্থাপন করেন। তাঁর উপস্থাপনা উপস্থিত বন্ধুদের মধ্যে নতুন ভাবনার জন্ম দেয় এবং আলোচনায় ভিন্নমাত্রা যোগ করে। এ ছাড়া উপস্থিত অন্য বন্ধুরা উপন্যাসটি নিয়ে নিজেদের মতামত, অনুভূতি ও উপলব্ধি প্রকাশ করেন। কেউ চরিত্র বিশ্লেষণ করেন, কেউ সম্পর্কের জটিলতা নিয়ে কথা বলেন, আবার কেউ রবীন্দ্রনাথের লেখনীর সৌন্দর্য ও বাস্তবতাকে তুলে ধরেন।
অন্যান্য বন্ধুদের উপস্থিতি
পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক অনীক ভূষণ সাহা, বন্ধু রিজভী আমিন, মোস্তাফিজুর রহমান, আবিদুর রহমান, মুহাম্মদ নাঈম, মুহাম্মদ সিয়াম, নুসরাত অনন্যা, সপ্তদীপ বর্মণসহ অন্য বন্ধুরা।



