মে দিবসে চট্টগ্রাম বন্ধুসভার শ্রমজীবী মানুষের মাঝে ক্যাপ ও জুস বিতরণ
মে দিবসে চট্টগ্রাম বন্ধুসভার ক্যাপ ও জুস বিতরণ

পয়লা মে, আন্তর্জাতিক শ্রমিক দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিনটি শ্রমজীবী মানুষের অধিকার, মর্যাদা ও ন্যায্য প্রাপ্য নিশ্চিত করার প্রত্যয়ে পালিত হয়। এ উপলক্ষে চট্টগ্রাম বন্ধুসভা প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও নানা কর্মসূচির আয়োজন করে।

কর্মসূচির বিবরণ

সকাল ৯টায় বন্ধুরা নগরীর ২ নম্বর গেইট মোড়ে জড়ো হন। সেখান থেকে তাঁরা শ্রমজীবী মানুষের মধ্যে ক্যাপ ও জুস বিতরণ শুরু করেন। চালকদের সুবিধার জন্য ক্যাপের ওপরে চট্টগ্রাম বন্ধুসভার লোগোযুক্ত আলো প্রতিফলনযোগ্য স্টিকার লাগানো হয়েছে, যাতে রাতের অন্ধকারে উল্টো পথে আসা গাড়িচালক দেখতে পান। পরে ২ নম্বর গেইট মোড় থেকে চকবাজার পর্যন্ত হেঁটে হেঁটে রিকশাচালক, ভ্যানচালক ও পথের ফেরিওয়ালাদের মধ্যে এই সামগ্রী পৌঁছে দেন।

শ্রমজীবীদের প্রতিক্রিয়া

রিকশাচালক সামাদ মিয়া বলেন, ‘আইজ যে মে দিবস, তা–ই তো আমার জানা ছিল না। এই ক্যাপ দেওয়ার জন্য ধন্যবাদ, এইডা আমার কাজে লাগব।’ ফেরিওয়ালা আমান উদ্দিন বলেন, ‘ক্যাপটা সত্যিই প্রয়োজন ছিল। ধন্যবাদ আপনাদের। জুসটা আমি আমার মেয়ের জন্য নিয়ে যাব।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আয়োজকদের বক্তব্য

আয়োজন শেষে চট্টগ্রাম বন্ধুসভার সহসাংগঠনিক সম্পাদক এ আর আছাদ বলেন, ‘এ ধরনের কাজে অংশ নিতে পারলে একধরনের মানসিক প্রশান্তি পাওয়া যায়। অন্যের জন্য কিছু করতে পারার মধ্যেই জীবনের সার্থকতা নিহিত।’

কর্মসূচির সমন্বয়ে ছিলেন সহসভাপতি নুরুজ্জামান খান, অর্থ সম্পাদক ফয়সাল হাওলাদার ও সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা। সহযোগিতা করেন বন্ধু আশরাফুর রহমান, সাজিয়া আফরিন ও ইকবাল হোসেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ