মেক্সিকো সিটিতে শাকিরার ঐতিহাসিক কনসার্ট: ৪ লাখ ভক্তের সামনে রেকর্ড ভাঙলেন
শাকিরার মেক্সিকো কনসার্টে ৪ লাখ ভক্ত, রেকর্ড ভাঙলেন

মেক্সিকো সিটিতে শাকিরার ঐতিহাসিক কনসার্ট: ৪ লাখ ভক্তের সামনে রেকর্ড ভাঙলেন

কলম্বিয়ান পপ তারকা শাকিরা মেক্সিকো সিটির প্রধান চত্বর ‘জোকালো’-তে আয়োজিত একটি ফ্রি কনসার্টে অন্তত ৪ লাখ ভক্তের সামনে পারফর্ম করে দেশটির একক কনসার্টে উপস্থিতির সব রেকর্ড ভেঙে দিয়েছেন। রোববার (১ মার্চ) আয়োজিত এ কনসার্টটি বিশ্বজুড়ে আলোড়ন তুলেছে এবং মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শিনবামের উপস্থিতিতে তা আরও তাৎপর্যপূর্ণ হয়েছে।

প্রেসিডেন্ট শিনবামের প্রশংসা

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শিনবাম ন্যাশনাল প্যালেসের জানালা থেকে এ মনোমুগ্ধকর অনুষ্ঠানের বেশিরভাগ সময় উপভোগ করেছেন বলে সাংবাদিকদের জানান। তিনি বলেন, ‘মেক্সিকান পরিবারগুলোর কাছে শাকিরা অত্যন্ত প্রিয়। এটি ছিল এক অপূর্ব দৃশ্য; মানুষ অত্যন্ত আনন্দিত ছিল। সেই উষ্ণতা, আনন্দ এবং ভালোবাসা ছিল অবিশ্বাস্য। মেক্সিকোর মূল পরিচয়ই হল এ প্রাণশক্তি।’

তিনি আরও মন্তব্য করেন যে, কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই এত বিশাল জনসমাগম মেক্সিকোর নিরাপত্তা ব্যবস্থার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

শাকিরার আবেগময় বক্তব্য

কনসার্ট চলাকালীন আবেগপ্রবণ হয়ে শাকিরা দর্শকদের উদ্দেশে বলেন, ‘এসবই যেন একটি স্বপ্ন ছিল। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, যারা সকাল থেকে রোদের মধ্যে ক্যাম্প করে অপেক্ষা করেছেন। বরাবরের মতো আমার সঙ্গে সব বাধা অতিক্রম করার জন্য আমি কৃতজ্ঞ।’

রোববার মেক্সিকো সিটির জোকালোতে আয়োজিত এ কনসার্টটি ছিল তার ‘Las Mujeres Ya No Lloran’ (নারীরা আর কাঁদে না) ট্যুরের মেক্সিকো সিটি অংশের সমাপনী অনুষ্ঠান। এ শহরে টানা ১৩টি হাউসফুল কনসার্ট করার পর তিনি এ বিশাল আয়োজনটি করেন, যা তার ক্যারিয়ারের একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

বিদায়লগ্নে মিশ্র অনুভূতি

বিদায়লগ্নে শাকিরা বলেন, ‘আজ আমার মধ্যে মিশ্র অনুভূতি কাজ করছে—একদিকে নস্টালজিয়া, অন্যদিকে কৃতজ্ঞতা। আজ মেক্সিকোতে আমাদের ট্যুরের শেষ দিন, যা আমার কাছে আমার নিজের ঘরের মতো। আমাদের মধ্যকার এ ভালোবাসা এবং বন্ধুত্বের ইতিহাসের সঙ্গে অন্য কিছুর তুলনা হয় না। আমাকে এ পরিমাণ আনন্দ দেওয়ার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।’

এ কনসার্টটি শুধু মেক্সিকোতেই নয়, বিশ্বব্যাপী শাকিরার ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। বিশ্লেষকরা মনে করছেন, এ ধরনের বড় আয়োজন শাকিরার জনপ্রিয়তা এবং মেক্সিকোর সাংস্কৃতিক দৃশ্যপটে তার অবদানকে আরও শক্তিশালী করেছে।