জন্মদিনে আলোচনায় সৌরভের ৪৮ কক্ষের রাজকীয় বাড়ি
জন্মদিনে আলোচনায় সৌরভের ৪৮ কক্ষের বাড়ি

ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি ও সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী ৫৪ বছরে পা রেখেছেন। 'দাদা' নামে পরিচিত এই তারকা বাঁহাতি ব্যাটিং, আগ্রাসী নেতৃত্ব ও নির্ভীক অধিনায়কত্বের জন্য ক্রিকেট বিশ্বে বিশেষভাবে সমাদৃত। তবে মঙ্গলবার (৮ জুলাই) জন্মদিনে তার ক্রিকেট ক্যারিয়ারের পাশাপাশি নতুন করে আলোচনায় এসেছে কলকাতার বেহালায় অবস্থিত তার ঐতিহ্যবাহী পৈতৃক বাড়ি।

পৈতৃক বাড়ির ঐতিহ্য ও মূল্য

কলকাতার 'প্রিন্স' নামে পরিচিত সৌরভ গাঙ্গুলীকে ভারতীয় ক্রিকেটের অন্যতম রূপকার হিসেবে বিবেচনা করা হয়। বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করলেও তিনি শিকড়ের সঙ্গে সম্পর্ক অটুট রেখেছেন। স্ত্রী ডোনা গাঙ্গুলী, মেয়ে সানা এবং পরিবারের অন্য সদস্যদের নিয়ে তিনি এখনও বেহালার বিরেন রায় রোডের ওই পৈতৃক বাড়িতেই বসবাস করেন।

প্রায় ৬০ বছরের বেশি সময় ধরে গাঙ্গুলী পরিবারের আবাসস্থল এই বাড়িটি কলকাতার পরিচিত ঐতিহ্যবাহী স্থাপনাগুলোর একটি। রিয়েল এস্টেট প্রতিষ্ঠান নোব্রোকার–এর তথ্য অনুযায়ী, বাড়িটির আনুমানিক মূল্য প্রায় ৪০ কোটি রুপি। ৪৮টি কক্ষবিশিষ্ট এই বাড়ি কলকাতার বৃহৎ ব্যক্তিগত আবাসগুলোর অন্যতম।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

স্থাপত্য ও অভ্যন্তরীণ নকশা

লাল-সাদা রঙের ঐতিহ্যবাহী বাহ্যিক নকশার সঙ্গে ঘরের ভেতরে সাদা, বেইজ ও বাদামি রঙের সমন্বয় বাড়িটিকে দিয়েছে অভিজাত ও শান্ত পরিবেশ। ঐতিহ্য ও আধুনিকতার সমন্বয়ে নির্মিত এই বাড়িতে প্রায়ই পারিবারিক অনুষ্ঠান, উৎসব এবং ঘনিষ্ঠ বন্ধু-স্বজনদের মিলনমেলার আয়োজন করা হয়।

বাড়ির অন্যতম আকর্ষণ 'ওয়াল অব ফেম', যেখানে সৌরভের ক্রিকেট জীবনের অসংখ্য ট্রফি ও স্মারক সাজিয়ে রাখা হয়েছে। দর্শনার্থীরা বসে সেগুলো দেখার জন্য সেখানে রয়েছে আরামদায়ক বাদামি চামড়ার সোফা।

এছাড়া বাড়িটিতে রয়েছে একাধিক ড্রইংরুম, পারিবারিক বসার ঘর এবং রাজকীয় সাজে সাজানো একটি বড় ডাইনিং রুম। পুরোনো ধাঁচের চেয়ার ও প্রশস্ত খাবার টেবিল পারিবারিক আড্ডা ও অতিথি আপ্যায়নের জন্য বিশেষভাবে উপযোগী।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বাগান ও ক্রিকেট পিচ

বাড়ির পেছনে রয়েছে সবুজে ঘেরা বিশাল বাগান, যেখানে বিভিন্ন প্রজাতির বড় বড় গাছ শোভা পাচ্ছে। বাগান ঘিরে তৈরি করা হয়েছে লাল-সাদা টাইলসের একটি দৌড়ানোর পথ। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো, বাড়ির প্রাঙ্গণেই রয়েছে একটি ছোট ক্রিকেট পিচ, যেখানে সুযোগ পেলেই ক্রিকেটের প্রতি নিজের ভালোবাসা লালন করেন ভারতের এই কিংবদন্তি ক্রিকেটার।