পূজা চেরীর বাবার গ্রেফতার: নিজের অবস্থান পরিষ্কার করলেন অভিনেত্রী
পূজা চেরীর বাবার গ্রেফতার: নিজের অবস্থান পরিষ্কার

অভিনেত্রী পূজা চেরীর বাবা দেব প্রসাদ রায়ের গ্রেফতার এবং আর্থিক লেনদেন সংক্রান্ত অভিযোগ নিয়ে চলমান আলোচনার মধ্যে এবার নিজের অবস্থান পরিষ্কার করেছেন এই চিত্রনায়িকা। রবিবার (২৬ এপ্রিল) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, “আমার বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে ব্যক্তিগতভাবে আমার কোনো সংশ্লিষ্টতা নেই।”

পূজা চেরীর বক্তব্য

পূজা চেরী লেখেন, বাবার গ্রেফতারের পর থেকে বিভিন্ন সংবাদমাধ্যম ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে অসংখ্য ফোন কল ও বার্তা পাচ্ছেন তিনি। তাই বিভ্রান্তি এড়াতে মুখ খুলেছেন। তিনি বলেন, “দীর্ঘ ১০-১২ বছর ধরে আমি মিডিয়াতে কাজ করছি। কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের ক্যারিয়ার ও জীবনযাপনের খরচ সম্পূর্ণভাবে নিজেই নির্বাহ করে আসছি।”

আর্থিক লেনদেনে জড়িত নয়

অভিনেত্রী আরও জানান, “আমার বাবার কোনো ধরনের ব্যবসায়িক কার্যক্রম বা আর্থিক লেনদেনের সঙ্গে আমার বিন্দুমাত্র সম্পর্ক নেই।” পাশাপাশি বর্তমানে কোনো প্রোডাকশন হাউজ বা প্রযোজনা প্রতিষ্ঠানের মালিকানার সঙ্গেও তিনি যুক্ত নন বলে উল্লেখ করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আইনি প্রক্রিয়ায় আস্থা

এই পরিস্থিতিকে মানসিকভাবে কষ্টদায়ক উল্লেখ করে পূজা চেরী বলেন, “পরিবারের সদস্য হওয়ার সূত্রে উদ্ভূত এই পরিস্থিতি আমার জন্য কষ্টদায়ক, তবে এটি একান্তই তার ব্যক্তিগত আইনি বিষয়।” তিনি আরও লেখেন, “আমি আশা করি, আইন তার নিজস্ব গতিতে চলবে এবং সত্য উদঘাটিত হবে।”

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অনুরোধ ও কাজের খবর

সবশেষে পূজা চেরী অনুরোধ জানিয়ে বলেন, “এই স্পর্শকাতর সময়ে অহেতুক আমাকে বা আমার কাজকে এই ঘটনার সঙ্গে না জড়ানোর জন্য বিনীত অনুরোধ করছি।” একই সঙ্গে দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের পাশে থাকার আহ্বান জানান তিনি। এদিকে কাজের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন পূজা চেরী। সম্প্রতি ঈদে মুক্তি পাওয়া ‘দম’ সিনেমায় তার অভিনয় প্রশংসিত হয়েছে। ছবিটিতে তিনি আফরান নিশো ও চঞ্চল চৌধুরীর সঙ্গে অভিনয় করেছেন। পাশাপাশি আসন্ন সিনেমা ‘টগর’ নিয়েও আলোচনায় রয়েছেন এই নায়িকা।