কয়েক মাস আগেই ঢাকাই সিনেমার শোবিজ অঙ্গনে গুঞ্জন ওঠে, মা হচ্ছেন অভিনেত্রী শবনম বুবলী। কিন্তু কে হচ্ছেন সন্তানের বাবা? বুবলীর সঙ্গে কোনো যোগাযোগ নেই বলে গণমাধ্যমকে জানিয়েছিলেন শাকিব খান। ফলে হিসেব মেলানো বেশ কঠিন ছিল। দুইয়ে-দুইয়ে চারের হিসেব এতটাই কঠিন ছিল যে, কেউ কেউ বলেছিলেন, বুবলীর মা হওয়ার খবর কেবল গুঞ্জন ছাড়া আর কিছু নয়।
এমন আলোচনার মধ্যেই ফেসবুক পোস্টে সব প্রশ্নের খোলামেলা জবাব দিলেন শবনম বুবলী। শাকিব খানকে ট্যাগ করে জানালেন, তিনি সন্তানের মা হয়েছেন। উল্লেখ্য, কয়েক বছর আগে দুই স্ত্রীর সঙ্গে শাকিব খানের ব্যাপক দূরত্ব দেখা যায়। গুঞ্জন ওঠে, দুই স্ত্রীর সঙ্গে কোনো যোগাযোগ নেই; দ্বিতীয় স্ত্রী বুবলীর সঙ্গে বিচ্ছেদও নাকি হয়েছে। এখানেই থেমে থাকেনি গুঞ্জন, জল্পনা ওঠে শাকিব খানের তৃতীয় বিয়ে নিয়েও।
শাকিবের পুরোনো বক্তব্য
সেই সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে শাকিব খান জানিয়েছিলেন, অপু বিশ্বাস অথবা বুবলী দুজনই তার অতীত। কোনো রকম যোগাযোগ নেই তাদের মধ্যে। শুধু সন্তানদের খোঁজ-খবর নেওয়ার ক্ষেত্রে যতটুকু প্রয়োজন, ওইটুকুতেই সবকিছু সীমাবদ্ধ। তবে বুবলীর মা হওয়ার পর নতুন করে আলোচনায় এসেছে শাকিবের এই পুরোনো বক্তব্য।
মেগাস্টার শাকিব খানের সে সময়ের কথা এবং বর্তমান চিত্র বলছে ভিন্ন কথা। যেন অভিনেতার মনের পাথর গলেছে। অপু বিশ্বাস ও শবনম বুবলী—দুজনের বাড়িতে আসা-যাওয়ার ইঙ্গিত মেলে শাকিবের। শুধু তাই নয়, গত বছর অপু-বুবলী দুজনকেই সঙ্গ দেন শাকিব। ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, একটি শপিং মল থেকে ছেলে আব্রাম খান জয়ের হাত ধরে গাড়িতে উঠছেন শাকিব খান, সঙ্গে অপু বিশ্বাস।
যুক্তরাষ্ট্র সফর ও নতুন সন্তান
এখানেই শেষ নয়। যুক্তরাষ্ট্র সফরে গত বছর শবনম বুবলী ও তাদের সন্তান শেহজাদ খান বীরের সঙ্গে দেখা যায় তাকে। বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন তারা। এর মাস ছয়েক পরে গুঞ্জন ওঠে, দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন বুবলী। স্বাভাবিকভাবেই নেটিজেনরা ধারণা করে বসেন, শাকিব খানই হয়তো সেই সন্তানের বাবা হবেন। জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সেটাই সত্যি হলো। প্রথমবার কন্যাসন্তানের বাবা হলেন শাকিব খান।
সব মিলিয়ে এই সুসংবাদের পাশাপাশি শাকিব-বুবলীর এই বর্তমান সম্পর্কে আনন্দিত তাদের কাছের মানুষ ও ভক্তরাও। তবে অনেকে আবার অতীতের কথাগুলো নিয়ে তারকাকে খোঁচাও দিচ্ছেন।



