নেইমারের সময়টা ভালো যাচ্ছে না। চোটের কারণে বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচে খেলতে পারেননি তিনি। মরক্কোর বিপক্ষে সেই ম্যাচে ১–১ ড্র করেছিল ব্রাজিল। এবার কার্লো আনচেলত্তি তাঁকে পরের দুই ম্যাচের দলেও পাচ্ছেন না। এমনকি দলের সঙ্গে থাকলেও বিশ্বকাপে খেলতে পারবেন কি না, এমন সংশয়ও আছে কারও কারও।
চোটের ধোঁয়াশা
৩৪ বছর বয়সী নেইমার গত ১৭ মে সান্তোসের হয়ে খেলার সময় পায়ের পেশির চোটে পড়েন। ১০ দিন পর ব্রাজিলের ক্যাম্পে যোগ দিলেও এখন পর্যন্ত দলের সঙ্গে অনুশীলন শুরু করতে পারেননি। ইএসপিএন জানিয়েছে, গ্রুপ পর্বে ব্রাজিলের পরের দুটি ম্যাচেও মাঠে নামতে পারবেন না নেইমার। দলটির পরের দুই ম্যাচ ২০ ও ২৫ জুন যথাক্রমে হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে।
মেডিকেল পরীক্ষার ফল প্রকাশ করেনি সিবিএফ
ইএসপিএন সূত্রের বরাতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রে দলের সঙ্গে থাকা নেইমারের আবার মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে। এটি গত সপ্তাহের করা পরীক্ষাটিই। তবে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এখনো ওই পরীক্ষার ফল জানায়নি।
সংবাদ সংস্থা এপি জানিয়েছে, নেইমারের সোমবার অনুশীলনে ফেরার কথা ছিল। কিন্তু তা না করে তিনি পরীক্ষার জন্য হাসপাতালে গেছেন। এটি নেইমারের চোট নিয়ে ধোঁয়াশা আরও বাড়াচ্ছে।
নকআউট পর্বের আগে ফিট হওয়ার আশা
ব্রাজিলের কয়েকটি সংবাদমাধ্যমের দাবি, দলের চিকিৎসা বিভাগ নকআউট পর্বের আগে তাঁকে পুরোপুরি ফিট করে তোলার আশা করছে। এর অর্থ হলো, হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দুটি মিস করবেন নেইমার।
মরক্কোর বিপক্ষে ম্যাচের আগে কোচ আনচেলত্তি নেইমারের প্রসঙ্গে বলেছিলেন, ‘নেইমার যত দ্রুত সম্ভব সেরে ওঠার জন্য কঠোর পরিশ্রম করছে। আমাদের প্রত্যাশা, তিনি সুস্থ হয়ে আগামী সপ্তাহে দলের সঙ্গে যোগ দেবেন।’



