মস্কো উৎসবজয়ী আসিফের দ্বিতীয় সিনেমার ট্রেলার প্রকাশ
মস্কো উৎসবজয়ী আসিফের দ্বিতীয় সিনেমার ট্রেলার প্রকাশ

২০২৪ সালে ৪৬তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্পেশাল জুরি অ্যাওয়ার্ড অর্জন করেছিল আসিফ ইসলামের প্রথম সিনেমা 'নির্বাণ'। পরের বছরই এই তরুণ নির্মাতা তৈরি করেন 'কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস'। গত রোববার সিনেমাটির ট্রেলার প্রকাশিত হয়েছে। আগস্ট মাসে সিনেমাটি মুক্তি দিতে চান আসিফ। তিনি জানান, শিগগিরই সিনেমাটির প্রচার শুরু করবেন।

প্রথম সিনেমা রেখে দ্বিতীয়টি মুক্তির কারণ

প্রথম সিনেমা রেখে আগে কেন দ্বিতীয়টি মুক্তি দিচ্ছেন—এমন প্রশ্নের জবাবে পরিচালক বলেন, 'দুটি সিনেমাই দর্শকদের দেখাতে চাই। কিন্তু 'নির্বাণ' সম্পূর্ণ নিরীক্ষাধর্মী সিনেমা। এই ধরনের সিনেমার সঙ্গে আমাদের দর্শকদের যোগাযোগ কম। অন্যদিকে আমার দ্বিতীয় সিনেমা 'প্রিন্সেস'-এ দেশের যাত্রাশিল্পের দুরবস্থা তুলে ধরা হয়েছে। সেখানে দর্শকের চাহিদায় যাত্রার একজন 'প্রিন্সেস' মঞ্চের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন আশনা হাবিব ভাবনা।'

দর্শকের সঙ্গে যোগাযোগের বিষয়

তিনি আরও বলেন, 'এই সিনেমাটির সঙ্গে দর্শক সহজেই যোগাযোগ করতে পারবে। এর গল্পের সঙ্গে দর্শকদের বহু আগে থেকেই পরিচয় রয়েছে। সে কারণে প্রথম সিনেমার তুলনায় দ্বিতীয় সিনেমাটি দর্শক সহজে গ্রহণ করবেন। এসব কারণেই এই উদ্যোগ।'

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

'নির্বাণ' সিনেমার গল্প

আসিফ জানান, 'নির্বাণ' সিনেমায় একটি কারখানার তিন কর্মীর যাপিত জীবন তুলে ধরা হয়েছে। একটি ফ্যাক্টরির কর্মীদের আসা-যাওয়ার মাঝে অনেক গল্প থাকে, সেগুলোই দেখানো হয়েছে। সিনেমায় মূল চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াম অর্চি। সিনেমাটি সাদা-কালো ও নির্বাক। চরিত্রগুলোর কোনো সংলাপ রাখা হয়নি। সীমিত লোকেশনে শুটিং করা হয়েছে।

মুক্তির পরিকল্পনা

'সিনেমাটি হলে মুক্তির পরিকল্পনা ছিল না। তবে 'প্রিন্সেস' মুক্তির পর হল কর্তৃপক্ষকে সিনেমাটি দেখাব। তারা পছন্দ করলে মুক্তি দেব। প্রতিটি সিনেমারই স্বল্পসংখ্যক হলেও দর্শক রয়েছে,' বলেন আসিফ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ