মেহজাবীন চৌধুরীর বিশ্বকাপ স্বপ্নপূরণ: ব্রাজিল-নরওয়ে ম্যাচ সরাসরি দেখলেন
মেহজাবীনের বিশ্বকাপ স্বপ্নপূরণ: ব্রাজিল-নরওয়ে ম্যাচ দেখা

বাংলাদেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বসে ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচ ব্রাজিল-নরওয়ে সরাসরি উপভোগ করেছেন। গতকাল রোববার যুক্তরাষ্ট্র সময় বিকেলে অনুষ্ঠিত ম্যাচে ২-১ গোলে ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় নরওয়ে। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিদায়ের সাক্ষী হন গ্যালারিতে থাকা মেহজাবীনও।

খেলা শুরুর আগে মজার পোস্ট

খেলা শুরুর আগে সামাজিকমাধ্যমে মজা করে মেহজাবীন লিখেছিলেন, ‘ব্রাজিলকে দু-একটা ফুটবলের টিপস দিতে এলাম। আমি কিন্তু আর্জেন্টিনা।’ আর খেলা শেষে দেখা গেল, সেই খোঁচাটাই যেন বাস্তবে মিলেছে! স্টেডিয়ামে বসে ব্রাজিলের বিদায় আর নরওয়ের উচ্ছ্বাসই দেখলেন তিনি।

দীর্ঘদিনের স্বপ্নপূরণ

খেলা শেষে মেহজাবীনের সঙ্গে কথা হয় প্রথম আলোর। যুক্তরাষ্ট্র থেকে নিজের অনুভূতি জানাতে গিয়ে মেহজাবীন বলেন, ‘স্টেডিয়ামে বসে ফিফা বিশ্বকাপের ম্যাচ দেখা ছিল আমার অনেক দিনের বাকেট লিস্টের একটি স্বপ্ন। আলহামদুলিল্লাহ, এবার সেটি পূরণ হয়েছে। মাঠের পরিবেশ, হাজার হাজার দর্শকের একসঙ্গে উচ্ছ্বাস, আর সেই আবহ—সব মিলিয়ে অভিজ্ঞতাটা ভাষায় প্রকাশ করার মতো নয়। টিভিতে যতটা অনুভব করা যায়, স্টেডিয়ামে বসে তার অনুভূতি কয়েক গুণ বেশি। এই স্মৃতিটা সারা জীবন আমার সঙ্গে থাকবে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ম্যাচের প্রতিদ্বন্দ্বিতা ও নিজের পছন্দ

কিছুদিন আগে যুক্তরাষ্ট্রে যাওয়ায় বিশ্বকাপের ম্যাচ মাঠে বসে দেখার সুযোগ হাতছাড়া করতে চাননি মেহজাবীন। তিনি ধারণা করেছিলেন, ব্রাজিল ও নরওয়ের ম্যাচটি হবে বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। তাঁর সেই ধারণাও ভুল প্রমাণিত হয়নি। মেহজাবীন বলেন, ‘খেলা শুরুর আগে মনে হয়েছিল ম্যাচটা খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। ব্রাজিল শক্তিশালী দল, কিন্তু নরওয়েকেও হালকাভাবে নেওয়ার সুযোগ ছিল না। নেইমারের প্রতি আমার ভীষণ সম্মান আছে, তবে সাম্প্রতিক সময়ে আমি হলান্ডেরও ভক্ত হয়ে গেছি। আমার মনে হয়, সে অসাধারণ একজন খেলোয়াড়। আর আমি যেহেতু আর্জেন্টিনার সমর্থক, তাই হিসাবটা আমাকে নরওয়ের দিকেই টেনে নিয়েছিল।’

আর্জেন্টিনার ম্যাচ দেখা হবে না

আর্জেন্টিনার সমর্থক হলেও এবার বিশ্বকাপে প্রিয় দলের ম্যাচ মাঠে বসে দেখা হচ্ছে না তাঁর। কারণ, শিগগিরই দেশে ফিরতে হবে তাঁকে। তবে আর্জেন্টিনাকে নিয়ে আশা ছাড়ছেন না মেহজাবীন। তাঁর মতে, ‘সম্ভবত আর্জেন্টিনার ম্যাচটি মাঠে বসে দেখা হবে না। তবে মন থেকে চাইব, তারা যেন ফাইনালে পৌঁছায়।’

কোপা আমেরিকার স্মৃতি

উল্লেখ্য, বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ দেখা না গেলেও এর আগে কোপা আমেরিকায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বসে আর্জেন্টিনার একটি ম্যাচ উপভোগ করেছিলেন মেহজাবীন। এবার সেই স্টেডিয়ামেই আর্জেন্টিনা-ভক্ত এই অভিনেত্রী দেখলেন ব্রাজিলের বিদায় আর নরওয়ের উল্লাস।