শাহরুখ সেটে না এসে পরিচালককে স্বাধীনতা দেন: সাইফ
শাহরুখ সেটে না এসে পরিচালককে স্বাধীনতা দেন: সাইফ

বলিউড বাদশা শাহরুখ খান ছবির শুটিং চলাকালীন ইচ্ছা করেই সেটে যেতেন না বলে জানিয়েছেন অভিনেতা সাইফ আলী খান। চলতি মাসেই স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্সে মুক্তি পেতে যাচ্ছে তার নতুন ক্রাইম থ্রিলার ‘কর্তব্য’। সেই ছবির ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শাহরুখের সঙ্গে সম্পর্ক

গণমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় শাহরুখের সঙ্গে তার দীর্ঘদিনের পেশাগত সম্পর্ক নিয়ে কথা বলেন সাইফ। এর আগে তারা একসঙ্গে ‘কাল হো না হো’ ছবিতে অভিনয় করেছিলেন। এর পাশাপাশি একাধিক অ্যাওয়ার্ড শো-ও সঞ্চালনা করেছেন এ দুই তারকা। সাইফ জানান, ‘কর্তব্য’ ছবির জন্য শাহরুখ নিজেই তার সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং চিত্রনাট্য শোনার জন্য উৎসাহ দিয়েছিলেন। পরিচালক পুলকিতের কাছ থেকে গল্প শোনার পর ছবিটির প্রতি আগ্রহ তৈরি হয় সাইফের।

সাইফ বলেন, ‘শাহরুখের সঙ্গে আমার খুব সুন্দর এবং দীর্ঘদিনের সম্পর্ক। অনেক দিক থেকেই আমি তাকে শ্রদ্ধা করি।’ তিনি আরও জানান, পরে শাহরুখ পুরো ছবিটি দেখেছেন এবং খুবই খুশি হয়েছেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

শুটিং সেটে শাহরুখের অনুপস্থিতি

ছবির শুটিং চলাকালীন শাহরুখ ইচ্ছা করেই সেটে যেতেন না বলেও জানান সাইফ। তার কথায়, ‘শুটিং সেটে আমি তার সঙ্গে দেখা করিনি। কারণ, তিনি এমন একজন প্রযোজক, যিনি মনে করেন পরিচালকের নিজের মতো করে ছবি বানানোর সম্পূর্ণ স্বাধীনতা থাকা উচিত।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ট্রেলার উন্মোচন

সম্প্রতি মুম্বাইয়ে নেটফ্লিক্সের কার্যালয়ে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে ছবিটির ট্রেলার উন্মোচন করা হয়েছে। টানটান উত্তেজনাপূর্ণ এই ট্রেলারে দেখা যাচ্ছে রাজনৈতিক চাপ, ব্যক্তিগত দ্বন্দ্ব এবং বিপজ্জনক সব গোপন রহস্যে ঘেরা এক গল্প ‘কর্তব্য’। এই সিনেমার মাধ্যমে দীর্ঘ সময় পর বলিউডের দুই শীর্ষ তারকা শাহরুখ খান ও সাইফ আলী খানের পেশাদার মেলবন্ধন ঘটেছে। সিনেমাটি নির্মিত হয়েছে শাহরুখ খান ও গৌরী খানের স্বনামধন্য প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্টের ব্যানারে। পরিচালক পুলকিতের পরিচালনায় এই ছবির মাধ্যমে ‘কাল হো না হো’ খ্যাত এই দুই তারকাকে আবারও এক ছাদের নিচে দেখবে দর্শক।

চরিত্র ও অভিনয়শিল্পী

ছবিতে সাইফ অভিনয় করেছেন ‘পবন মালিক’ নামের এক পুলিশ অফিসারের চরিত্রে। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রসিকা দুগল, সঞ্জয় মিশ্রা, জাকির হুসেইন ও মণীষ চৌধুরী। পুলকিতের লেখা ও পরিচালনায় তৈরি ‘কর্তব্য’ নেটফ্লিক্সে মুক্তি পাবে ১৫ মে।