লাইফ সাপোর্টে থাকা কারিনা কায়সারকে চেন্নাই নেওয়া হচ্ছে আজ
লাইফ সাপোর্টে থাকা কারিনা কায়সারকে চেন্নাই নেওয়া হচ্ছে

হাসিখুশি, প্রাণবন্ত এক তরুণী কারিনা কায়সার। কনটেন্ট ক্রিয়েটর হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত মুখ তিনি। সম্প্রতি অভিনয় ও চিত্রনাট্য লেখার কাজেও ব্যস্ত ছিলেন। কিন্তু কয়েক দিনের ব্যবধানে জীবন যেন পুরোপুরি বদলে গেছে এই তরুণ অভিনেত্রীর। লিভার-সংক্রান্ত জটিলতায় গত শুক্রবার রাত থেকে লাইফ সাপোর্টে থাকা কারিনাকে উন্নত চিকিৎসার জন্য আজ সোমবার বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে ভারতের চেন্নাই নেওয়া হবে। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর বাবা জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ।

চিকিৎসার খরচ জোগাড় করতে বাবা-মায়ের সংগ্রাম

আজ দুপুরে প্রথম আলোকে কায়সার হামিদ বলেন, ‘মাত্রই ভিসা হাতে পেলাম। বিকেলে এয়ার অ্যাম্বুলেন্স ওকে চেন্নাই থেকে নিতে আসবে। এখানে হাসপাতালের অনেক টাকা বিল, পাশাপাশি এয়ার অ্যাম্বুলেন্সের জন্যও অনেক টাকার প্রয়োজন। আম্মার আর আমার কিছু ফিক্সড ডিপোজিট ভাঙছি, আর একটা জমির বায়না করছি। এগুলো আজকের দিনের ভেতর সম্পন্ন হবে।’

মেয়ের চিকিৎসা নিয়ে দুশ্চিন্তার কথা জানিয়ে তিনি বলেন, ‘এখন সবচেয়ে বড় বিষয় হলো ওকে নিরাপদে সেখানে নেওয়া এবং দ্রুত চিকিৎসা শুরু করা। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কারিনার শারীরিক অবস্থা অপরিবর্তিত

কারিনার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে কায়সার হামিদ জানান, তাঁর অবস্থার খুব একটা পরিবর্তন হয়নি। তবে চিকিৎসকেরা আপাতত তাঁর রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে পেরেছেন। তিনি আরও বলেন, ‘অবস্থা অপরিবর্তিত। তবে প্রেশারটা নিয়ন্ত্রণে আছে।’

পরিবার সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরেই কারিনার শারীরিক অবস্থা খারাপ যাচ্ছিল। শুরুতে সাধারণ অসুস্থতা মনে হলেও পরে অবস্থার দ্রুত অবনতি হতে থাকে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

হেপাটাইটিস এ ও ফ্যাটি লিভারের জটিলতা

হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা জানান, তাঁর শরীরে সংক্রমণ হয়েছে। একই সঙ্গে তিনি হেপাটাইটিস এ-তে আক্রান্ত হন। এর মধ্যে আগে থেকেই তাঁর ফ্যাটি লিভারের সমস্যা ছিল। পরে জটিলতা বাড়তে বাড়তে গত শুক্রবার তাঁর লিভার ফেইলিউর হলে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

কায়সার হামিদ এর আগে জানিয়েছিলেন, পরিবারের জন্য এই মুহূর্তে চিকিৎসার ব্যয় বহন করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। কারণ, এর আগে তাঁর আরেক ভাই দীর্ঘদিন ব্রেন ক্যানসারে আক্রান্ত ছিলেন। সেই চিকিৎসায় পরিবারের বিপুল অর্থ ব্যয় হয়েছে। এখন মেয়ের চিকিৎসার খরচ জোগাড় করতে জমি বিক্রির উদ্যোগ নিয়েছেন তাঁরা। পাশাপাশি ফিক্সড ডিপোজিটও ভাঙতে হচ্ছে।

কারিনার ক্যারিয়ার ও জনপ্রিয়তা

কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিতি পেলেও সাম্প্রতিক সময়ে অভিনয়ে নিয়মিত হচ্ছিলেন কারিনা। অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও পরিচিতি পেয়েছেন তিনি। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর ছিল আলাদা জনপ্রিয়তা। হাস্যরসাত্মক ও জীবনঘনিষ্ঠ কনটেন্টের মাধ্যমে তরুণ দর্শকদের কাছে পরিচিত হয়ে ওঠেন তিনি।