মালয়ালম সুপারস্টার মোহনলালের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দৃশ্যম ৩’-এর ট্রেলার মুক্তি পেয়েছে। গতকাল শনিবার রাতে কোচিতে আয়োজিত এক অনুষ্ঠানে এই ট্রেলার প্রকাশ করা হয়। এরপর থেকেই সামাজিক মাধ্যমে সিনেমাটি নিয়ে আলোচনা শুরু হয়েছে।
পরিচালকের বক্তব্য
পরিচালক জিতু জোসেফ জানিয়েছেন, এবারের কিস্তিতে আগের দুই ছবির তুলনায় গল্পের ধরন বদলেছে। তিনি বলেন, ‘প্রথম ও দ্বিতীয় অংশের সঙ্গে তৃতীয় অংশের সবচেয়ে বড় পার্থক্য হলো এবার জর্জকুট্টি জানেনই না, কে তাঁর পেছনে লেগেছে। আগের দুই ছবিতে তিনি জানতেন পুলিশ ও মৃত ছেলেটির পরিবার তাঁকে অনুসরণ করছে। কিন্তু এবার তিনি বুঝতেই পারছেন না, কে তাঁকে তাড়া করছে।’ তবে তিনি এ-ও জানান, ছবিতে চমকে দেওয়ার মতো অনেক কিছু থাকবে।
মোহনলালের মন্তব্য
অনুষ্ঠানে মোহনলাল মজা করে ইঙ্গিত দেন, ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্জাইজি এখানেই শেষ হচ্ছে না। তিনি বলেন, ‘আমি বহুবার বলেছি জর্জকুট্টিকে বাঁচিয়ে রাখতে। কিন্তু সে এখনো পুরোপুরি বাঁচেনি। তাই আপনারা “দৃশ্যম ৪”-এর আশা করতেই পারেন।’ তিনি আরও যোগ করেন, ‘এটা কোনো মজা নয়। মানুষ ছবিটি দেখুক, তারপর ঠিক করুক আমরা চার বা পাঁচ নম্বর কিস্তি বানাব কি না।’ এমনকি প্রযোজক অ্যান্টনি পেরুমবাভুর নাকি চতুর্থ ছবির আগেই পঞ্চম কিস্তির পরিকল্পনা করে ফেলেছেন বলে জানান তিনি।
ট্রেলারের বিষয়বস্তু
ট্রেলারে দেখা গেছে, আগের দুই ছবির ঘটনার পর জর্জকুট্টি মানসিকভাবে ভেঙে পড়েছেন। তাঁর চারপাশে এক অদ্ভুত ভয় কাজ করছে। পরিবার যদিও অতীত ভুলে স্বাভাবিক জীবনে ফিরতে চাইছে, কিন্তু জর্জকুট্টি যেন বুঝতে পারছেন—বিপদ এখনো কাটেনি। ট্রেলারের শেষ ভাগে সেই আতঙ্ক আরও স্পষ্ট হয়। মনে হয়, অন্ধকার অতীত আবারও ফিরে আসছে তাঁর জীবনে।
অভিনয়শিল্পী ও মুক্তির তারিখ
‘দৃশ্যম ৩’-এ আগের ছবির পরিচিত মুখদেরই দেখা যাবে। জর্জকুট্টি চরিত্রে ফিরছেন মোহনলাল। সঙ্গে রয়েছেন মীনা, আনসিবা হাসান ও এস্থার অনিল। ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আগামী ২১ মে।



