নিউজিনসের সদস্যরা অ্যাডরগানে ফিরছে কে-পপ গ্রুপ নিউজিনস। তবে দলটিতে শেষ পর্যন্ত কতজন সদস্য থাকবেন, তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। দলটির এজেন্সি অ্যাডর জানিয়েছে, সদস্য হেইন, হেয়ারিন ও হানি সংগীত প্রযোজনার কাজে কোপেনহেগেনে গেছেন। তবে এই সফরে ছিলেন না মিনজি। এতে গুঞ্জন উঠেছে, মিনজিকে ছাড়াই তিন সদস্য নিয়ে ফিরতে পারে দলটি।
দীর্ঘ নিষ্ক্রিয়তার পর ফেরার প্রস্তুতি
পাঁচ সদস্যের নিউজিনস দীর্ঘদিন ধরেই নিষ্ক্রিয়। এর পেছনে রয়েছে এজেন্সির সঙ্গে দীর্ঘ আইনি বিরোধ। ২০২৪ সালের নভেম্বরে সদস্যরা অ্যাডরকে চুক্তি বাতিলের নোটিশ দেন। ব্যবস্থাপনার দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগও তোলেন। পরে চুক্তির বৈধতা নিশ্চিত করতে অ্যাডর মামলা করলে প্রথম ধাপের রায় যায় সদস্যদের বিপক্ষে। এতে দীর্ঘ সময়ের জন্য দলীয় কার্যক্রম স্থবির হয়ে পড়ে।
তিন সদস্যের প্রত্যাবর্তন নিশ্চিত
গত বছরের নভেম্বরে অ্যাডর হেইন, হেয়ারিন ও হানির ফেরার বিষয়টি নিশ্চিত করে। একই সঙ্গে ড্যানিয়েলের সঙ্গে চুক্তি বাতিলের কথাও জানায়। মিনজির ভবিষ্যৎ নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এজেন্সির ভাষ্য, বিষয়টি এখনো আলোচনায় রয়েছে।
নতুন অ্যালবামের জল্পনা
নতুন অ্যালবাম নিয়ে জল্পনা শুরু হয় ১৫ এপ্রিল। সেদিন কোপেনহেগেনের একটি দোকানে হেইন ও হেয়ারিনকে কর্মীদের সঙ্গে দেখা যায়। এক পর্যটকের ভিডিওতে বিষয়টি সামনে আসে। পরে জানা যায়, হানিও ডেনমার্কে ছিলেন। এরপর অনলাইনে একটি স্টুডিও বুকিং নথি ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, ১৩ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত কোপেনহেগেনের একটি রেকর্ডিং স্টুডিও অ্যাডরের নামে বুক করা ছিল। যেহেতু নিউজিনসই অ্যাডরের গ্রুপ, তাই গুঞ্জন আরও জোরালো হয়।
অ্যাডর জানিয়েছে, এই সফর ছিল নিউজিনসের নতুন সংগীতধারার প্রি-প্রোডাকশনের অংশ। সংস্থাটি আরও বলেছে, সদস্যরা ব্যক্তিগত পরিস্থিতি ও সময়সূচি অনুযায়ী ভবিষ্যৎ কার্যক্রমের প্রস্তুতি নিচ্ছেন। উপযুক্ত সময়ে বিস্তারিত জানানো হবে। যদিও অ্যাডর মিনজির বিষয়ে সরাসরি কিছু বলেনি, তবে তার সম্ভাব্য অংশগ্রহণের পথও পুরোপুরি বন্ধ করেনি।
কেউ কেউ বলছেন, তিন সদস্যের উপস্থিতি মানেই দলটি স্থায়ীভাবে তিনজনের হয়ে যাচ্ছে—এমন সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়। কারণ, সব সদস্য ছাড়াও সংগীত প্রযোজনার কাজ শুরু হতে পারে। একজন সংশ্লিষ্ট ব্যক্তি বলেন, মিনজির প্রত্যাবর্তন চূড়ান্ত না হলে বিদেশ সফরে তাঁর অনুপস্থিতি অস্বাভাবিক নয়। তবে দীর্ঘদিন তিন সদস্যের কার্যক্রম চললে ভবিষ্যৎ নিয়ে নতুন প্রশ্ন উঠতেই পারে।
অন্যদিকে অন্য সদস্যদের ফেরার ঘোষণা এলেও এখনো মিনজি আনুষ্ঠানিকভাবে নিজের অবস্থান জানাননি। ফলে পূর্ণাঙ্গ দল হিসেবে নিউজিনসের প্রত্যাবর্তন নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। কোরিয়া হেরাল্ড অবলম্বনে।



