ইফ্ফাত আরা দেওয়ানের ‘অপরাজিতা’সহ তিনটি শিল্পপ্রদর্শনী চলছে
ইফ্ফাত আরা দেওয়ানের ‘অপরাজিতা’সহ তিনটি প্রদর্শনী

রাজধানীর লালমাটিয়ার গ্যালারি দ্য ইলিউশনসে শুরু হয়েছে শিল্পী ইফ্‌ফাত আরা দেওয়ানের একক চিত্রকলা প্রদর্শনী ‘অপরাজিতা’। গতকাল বিকেলে এই প্রদর্শনীর উদ্বোধন করেন প্রাবন্ধিক ও মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শিল্পসমালোচক অধ্যাপক মঈনুদ্দিন খালেদ।

প্রদর্শনীর বিবরণ

প্রদর্শনীতে মোট ৩৫টি শিল্পকর্ম স্থান পেয়েছে। এর মধ্যে অধিকাংশই কাগজে প্যাস্টেল ও চারকোলে আঁকা, কিছু ক্যানভাসে অ্যাক্রিলিকে তৈরি। শিল্পী ইফ্ফাত আরা দেওয়ান সংগীতশিল্পী হিসেবেও পরিচিত, তবে চারুশিল্পের চর্চা দীর্ঘদিন ধরে করে আসছেন। এটি তাঁর ১৭তম একক চিত্রকলা প্রদর্শনী। তাঁর কাজের মধ্যে ফুলের প্রতি গভীর অনুরাগ লক্ষণীয়। গন্ধরাজ, অপরাজিতা, গোলাপের মতো পরিচিত ফুলের পাশাপাশি অনেক অচেনা ফুলও এতে স্থান পেয়েছে। ফুলের স্নিগ্ধ সৌন্দর্যের সঙ্গে স্মৃতিমেদুরতা মিশিয়ে দেওয়ায় এক ভিন্ন মায়ার আবহ সৃষ্টি হয়েছে। ফুল ছাড়াও কিছু ছবি ঘরোয়া দৃশ্য ও গ্রামীণ নিসর্গকে ধারণ করেছে।

প্রদর্শনীটি প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে এবং শেষ হবে ১৬ মে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

‘যত্ন ও জখম’ প্রদর্শনী

মে দিবস উপলক্ষে রাজধানীর জিগাতলার হাজারীবাগের আমিন ট্যানারির দ্বিতীয় তলায় কুন ক্রিয়েটিভ স্টুডিওতে শুরু হয়েছে সপ্তাহব্যাপী ‘যত্ন ও জখম’ প্রদর্শনী। এটি কিউরেট করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা ও নকশা বিভাগের সহকারী অধ্যাপক ইমাম মাহমুদ। উদ্বোধনী দিনে বিভিন্ন পেশার শ্রমিকেরা অংশ নেন। কুন ক্রিয়েটিভের সদস্য মোহাম্মদ জাহিদুল হক জানান, প্রথাগত শিল্প গ্যালারির সঙ্গে শ্রমজীবী মানুষের দূরত্ব কমাতে এবং শিল্পকে সামাজিক ও নৈতিক ‘যত্ন-চর্চা’ হিসেবে তুলে ধরতে এই আয়োজন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অংশগ্রহণকারী শিল্পীদের মধ্যে রয়েছেন তানভীর ইমতিয়াজ, অন্তু মোদক, ফবিয়া তামান্না, এস এম শাহ আনিসুজ্জামান, শিমুল কুম্ভকার, প্রসেনজিৎ কুমার সাহা, আম্মার বিন আসাদ, মাশরুর মাহমুদ ও তারেক হাসান। ভাস্কর্য, আলোকচিত্র ও মিশ্র মাধ্যমের শিল্পকর্ম প্রদর্শনী শেষ হবে আগামীকাল বৃহস্পতিবার। বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য খোলা থাকবে।

‘আনভেইলিং অব সেলফ’ প্রদর্শনী

বনানীর এ ব্লকের ২৫ নম্বর সড়কের ১০০ নম্বর বাড়ির সাতোরি গ্যালারিতে চলছে নবীন শিল্পীদের যৌথ প্রদর্শনী ‘আনভেইলিং অব সেলফ’। এটি শুরু হয়েছে ১ মে। উদ্বোধন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলার অধ্যাপক রশিদ আমিন। প্রদর্শনী চলবে ৮ মে পর্যন্ত, প্রতিদিন বেলা দুইটা থেকে রাত আটটা পর্যন্ত।

এতে নবীন প্রজন্মের ১০ জন শিল্পীর বিভিন্ন মাধ্যমে তৈরি শিল্পকর্ম স্থান পেয়েছে। অংশগ্রহণকারী শিল্পীরা হলেন ফাহিমা জুনাইদ, ইপ্সিতা জাহিন, লিরা বড়ুয়া, মুনিজে মনজুর, নাদিয়া রশিদ, নওশিন, রাকিবা সুলতানা, সানজিদা শারমিন, তনিয়া মনিরা ও জাহীন ফারিয়া।