সিডনিতে ফাগুন হাওয়া ফেস্টে গান গাইবেন ইমরান মাহমুদুল
সিডনিতে ফাগুন হাওয়া ফেস্টে ইমরান মাহমুদুলের গান

অস্ট্রেলিয়ার সিডনিতে প্রবাসী বাঙালিদের গানে গানে মাতাতে পূর্ণাঙ্গ বাদ্যযন্ত্র দল নিয়ে পৌঁছেছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও সুরকার ইমরান মাহমুদুল। আগামীকাল শনিবার সিডনির ক্যাম্পসি ওরিয়ন ফাংশন সেন্টারে আয়োজিত হচ্ছে বর্ণিল সাংস্কৃতিক উৎসব ‘ফাগুন হাওয়া ফেস্ট–২০২৬’। সেখানে নিজের জনপ্রিয় গানগুলো নিয়ে মঞ্চে উঠবেন তিনি।

প্রথমবারের মতো পূর্ণাঙ্গ ব্যান্ড পরিবেশনা

সিডনিভিত্তিক সাংস্কৃতিক সংগঠন ‘ফাগুন হাওয়া’র আয়োজনে অনুষ্ঠানটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। আয়োজকদের মতে, সিডনির মাটিতে এবারই প্রথমবারের মতো নিজের ব্যান্ড সদস্যদের নিয়ে সরাসরি পূর্ণাঙ্গ পরিবেশনায় অংশ নিচ্ছেন ইমরান, যা প্রবাসী দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ হয়ে উঠেছে।

সিডনিতে পৌঁছে এক ভিডিও বার্তায় ইমরান বলেন, ‘আমরা আপনাদের গান শোনাতে শহরটিতে চলে এসেছি। আমাদের পুরো দল প্রস্তুত। ওরিয়ন ফাংশন সেন্টারে আপনাদের প্রিয় গানগুলো নিয়ে হাজির হব। আশা করি, সবাই মিলে একটি অবিস্মরণীয় সন্ধ্যা কাটাব।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মেরিল–প্রথম আলো পুরস্কার প্রাপ্তির আনন্দ

সম্প্রতি সংগীতজীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করেছেন ইমরান মাহমুদুল। দেশের অন্যতম মর্যাদাপূর্ণ ‘মেরিল–প্রথম আলো পুরস্কার’–এ সেরা গায়কের স্বীকৃতি পাওয়ার পর তাঁর আত্মবিশ্বাস ও উচ্ছ্বাস এখন তুঙ্গে। সেই সাফল্যের আবহ নিয়েই তিনি সিডনির মঞ্চে উঠছেন। পুরস্কার জয়ের পর অনুভূতি জানাতে গিয়ে নিজের ছোট্ট মেয়ে ইনায়াকে এই অর্জন উৎসর্গ করেন শিল্পী। বলেন, ‘জীবনের সবচেয়ে সুন্দর প্রাপ্তি তুমি, ইনায়া। এই সম্মান তোমার নামেই। তোমার হাসিই আমার সুর, আর তোমার আগমনই আমার সংগীতজীবনের অনুপ্রেরণা।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রবাসীদের জন্য দেশীয় সংস্কৃতির আয়োজন

আয়োজক সংগঠন ফাগুন হাওয়ার অন্যতম সমন্বয়ক তিশা তানিয়া জানান, প্রবাসী বাঙালিদের জন্য দেশীয় সংস্কৃতির আবহ তৈরি করতেই এই আয়োজন। তাঁর ভাষায়, ‘অস্ট্রেলিয়ার ব্যস্ত জীবনে একটু বাংলা গান, একটু দেশের গন্ধ এনে দিতেই আমাদের এই প্রয়াস। “ফাগুন হাওয়া ফেস্ট” একটি নান্দনিক আয়োজন হতে যাচ্ছে। আমরা আশা করি, ইমরানের সুরের মূর্ছনায় দর্শকেরা দারুণ একটি সন্ধ্যা উপভোগ করবেন।’

আয়োজকদের আশা, সংগীত, আলোকসজ্জা ও মঞ্চায়নের সমন্বয়ে ‘ফাগুন হাওয়া ফেস্ট–২০২৬’ সিডনির প্রবাসী বাঙালিদের জন্য হয়ে উঠবে স্মরণীয় এক সাংস্কৃতিক সন্ধ্যা।