দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরার ধারাবাহিকতায় জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র এবারের নতুন পর্বটি ধারণ করা হয়েছে নরসিংদী জেলায়। বরেণ্য নির্মাতা হানিফ সংকেতের রচনা, পরিচালনা ও উপস্থাপনায় নির্মিত এ নতুন পর্বটি আগামী শুক্রবার (৫ জুন) রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে একযোগে প্রচার করা হবে।
মঞ্চ নির্মাণ ও আয়োজনের বৈশিষ্ট্য
নরসিংদীর রায়পুরা উপজেলার রামনগরে অবস্থিত বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরের সামনে এবারের মঞ্চ নির্মাণ করা হয়েছে। ঐতিহ্যবাহী জেলার প্রকৃতি, প্রত্নতত্ত্ব, লোকজ ঐতিহ্য ও জনজীবনের নানা বৈচিত্র্য কেন্দ্র করে পুরো আয়োজনটি সাজানো হয়।
বিশেষ প্রতিবেদন
এবারের ইত্যাদিতে থাকছে নরসিংদীর প্রাচীন প্রত্নস্থল উয়ারী-বটেশ্বর, ঐতিহ্যবাহী তাঁতশিল্প, 'প্রাচ্যের ম্যানচেস্টার'খ্যাত বাবুরহাট, জিআই পণ্য অমৃতসাগর কলা ও লটকন এবং কলম্বো লেবুর ওপর বিশেষ তথ্যসমৃদ্ধ প্রতিবেদন। জেলার কীর্তিমান ও স্মরণীয় ব্যক্তিদের পাশাপাশি স্থানীয় ঐতিহ্যবাহী তাঁতশিল্পের ওপর একটি বিশেষ তথ্যবহুল প্রতিবেদন থাকছে।
খুলনা জেলার বটিয়াঘাটার দৃষ্টিহীন ষাটোর্ধ্ব বৃদ্ধ চিত্ত রঞ্জন মহালদারকে নিয়ে একটি বিশেষ অনুপ্রেরণামূলক প্রতিবেদন থাকছে, যিনি নিজের অদম্য ইচ্ছাশক্তি দিয়ে দৃষ্টিহীনতাকে জয় করেছেন। এ ছাড়া অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের মেলবোর্ন শহরের ফিলিপ আইল্যান্ডের বিখ্যাত ‘দ্য পেঙ্গুইন প্যারেড’ দেখানো হবে।
সঙ্গীত ও নৃত্য পরিবেশনা
এবারের ইত্যাদি অনুষ্ঠানে নরসিংদীর সন্তান সংগীতশিল্পী ইমন চৌধুরী ও তার দল ‘বেঙ্গল সিম্ফনি’র পরিবেশনায় একটি বিশেষ ফোক-ফিউশনধর্মী গান পরিবেশন করবেন। যে গানটি লিখেছেন জুয়েল আহমেদ ও কবির বকুল।
থাকছে নরসিংদীর ইতিহাস, ঐতিহ্য ও কৃষ্টি নিয়ে একটি জমকালো নৃত্যগীত। মনিরুজ্জামান পলাশের কথায় গানটির সুর করেছেন হানিফ সংকেত এবং সংগীতায়োজন করেছেন মেহেদী। তানজিনা রুমা ও রাজিবের কণ্ঠে সেই গানের সঙ্গে স্থানীয় নৃত্যশিল্পীদের পরিবেশনাটির কোরিওগ্রাফি করেছেন এসকে জাহিদ।
নাট্যাংশ ও অন্যান্য আয়োজন
এবার দর্শক মাতাতে বরাবরের মতোই থাকছে মামা-ভাগ্নে, নানি-নাতি, চিঠিপত্র পর্ব এবং সমসাময়িক বিভিন্ন সামাজিক অসংগতি নিয়ে তীক্ষ্ণ ও তির্যক নাট্যাংশ। অনুষ্ঠানের শুরুতে ইত্যাদির নিয়মিত আয়োজনে এবারও থাকছে কাশেম টিভির সাংবাদিকের সঙ্গে নাতির জমজমাট আড্ডা। সেই সঙ্গে প্রসঙ্গনির্ভর তীক্ষ্ণ ও তির্যক নাট্যাংশ তো থাকছেই। এসব নাট্যাংশে অভিনয় করেছেন মাহমুদুল ইসলাম মিঠু, সুমন পাটোয়ারী, আমিন আজাদ, শাহেদ আলী, আনন্দ খালেদ, সাজ্জাদ সাজু, সাদিয়া তানজিন, সূচনা শিকদার, মুকুল সিরাজ, কামাল বায়েজিদ, আশরাফুল আলম সোহাগ, সাইদুর রহমান পাভেল, সাবরিনা নিসা, সুজাত শিমুলসহ আরও অনেকে।



