বাংলা নাটকের পরিচিত মুখ জান্নাতুল সুমাইয়া হিমি। নাটকের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও তিনি অভিনয় করে দর্শকপ্রিয়তা অর্জন করেছেন। কাজের ব্যস্ততা সব সময়ই থাকে তাঁর। তবে আসন্ন ফুটবল বিশ্বকাপ উপলক্ষে নিজের ফুটবলপ্রীতি নিয়ে কথা বলেছেন এই অভিনেত্রী।
ব্রাজিল সমর্থনের কারণ
সম্প্রতি এক সাক্ষাৎকারে ফুটবলে নিজের পছন্দের দল প্রসঙ্গে হিমি বলেন, ‘আমি ব্রাজিল সাপোর্ট করি। খেলা অতটা বুঝি না, না বুঝেই সাপোর্ট করি। ছোটবেলা থেকে দেখতাম আমার ভাইয়া আর আমার বাবা ব্রাজিল সাপোর্ট করতেন। তো এখন অনেক পচানি খাই ব্রাজিল সাপোর্ট করতে গিয়ে।’
ছোটবেলার ক্রাশ কাকা
ছোটবেলায় ব্রাজিলিয়ান ফুটবল তারকা কাকার প্রতি মুগ্ধ ছিলেন জানিয়ে তিনি আরও বলেন, ‘নেইমার এই যে আরেকটা পচানি খাই সামনে। ছোটবেলায় দেখতাম তখন কাকা খেলতেন। তো তাকে দেখে খুব ক্রাশ খেয়েছিলাম ছোটবেলায়। দেখতে সুন্দর ছিল। বাট এখন ওভাবে করে দেখা হয় না কাজের প্রেসারে। বাট ওই যে পারিবারিকভাবেই ব্রাজিল সাপোর্টার।’
অভিনয় ও আসন্ন প্রকল্প
নাটকের পর্দায় নিলয় আলমগীরের সঙ্গে হিমির জুটি বেশ জনপ্রিয়। একসঙ্গে তাঁদের অনেক নাটকে দেখা গেছে। আসন্ন ঈদুল আজহায় এই অভিনেত্রীর প্রায় ৩০টি নাটক প্রচারিত হবে বলে জানা গেছে। এই নিয়ে তিনি বেশ ব্যস্ত সময় পার করছেন।



