প্রথম টিজারে শুধু 'রকস্টার' শাকিব খানের উন্মাদনা দেখা গেলেও দ্বিতীয় টিজারে মিলল তাঁর জীবনের অন্য অধ্যায়ের ইঙ্গিত। ভালোবাসা, একাকিত্ব আর সম্পর্কের জটিল সমীকরণ উঠে এসেছে এই টিজারে। ছবিতে শাকিব খানের সঙ্গে তানজিয়া মিথিলা অভিনয় করেছেন। এটি মিথিলা অভিনীত প্রথম কোনো বাংলাদেশি চলচ্চিত্র। এর আগে তাঁকে বলিউডের 'রোহিঙ্গা' সিনেমায় দেখা গেছে।
রকস্টারের ভাঙা চেহারা
লম্বা চুল, রকস্টার লুক আর মঞ্চকাঁপানো উপস্থিতির আড়ালে লুকিয়ে আছে এক ভাঙাচোরা মানুষ। 'নো ওয়ান লাভস মি' গানের আবহে সেই গল্পের আভাস দিল নতুন টিজার। শাকিব খানের বাইকের পেছনে সাবিলা নূর—মাত্র কয়েক সেকেন্ডের এই দৃশ্যই দর্শকদের আলোচনার কেন্দ্রে। পর্দায় তাঁদের রসায়ন নিয়ে এখন তুমুল কৌতূহল।
তাণ্ডবের পর আবারও জুটি
'তাণ্ডব'-এর পর আবারও শাকিব খানের বিপরীতে সাবিলা নূর। দ্বিতীয় টিজারে তাঁর গ্ল্যামারাস ও প্রভাবশালী উপস্থিতি ইঙ্গিত দিচ্ছে গল্পে গুরুত্বপূর্ণ এক চরিত্রের। শুধু সাবিলা নন, টিজারে দেখা মিলেছে টাঙ্গিয়া জামান মিথিলা ও সুনিধি নায়েকেরও। তিন ভিন্ন নারী চরিত্রকে ঘিরে রকস্টারের জীবনে কী ঘটতে যাচ্ছে, সেটিই এখন বড় প্রশ্ন।
রোমান্স, আবেগ, দ্বন্দ্ব আর তারকাখ্যাতির চাপ—সবকিছুর মিশেলে এক রকস্টারের উত্থান-পতনের গল্প বলার ইঙ্গিত দিয়েছে 'রকস্টার'-এর দ্বিতীয় টিজার। ছবিটির পরিচালক আজমান রুশো। ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় থাকা 'রকস্টার' নিয়ে প্রত্যাশা ছিল আগেই। দ্বিতীয় টিজার প্রকাশের পর সেই আগ্রহ আরও বেড়েছে কয়েক গুণ। দর্শক এখন বড় পর্দার অপেক্ষায়।
সান মোশন পিকচার্স লিমিটেড এবং পিনহুইল ফিল্মসের ব্যানারে নির্মিত এবং চরকিতে এক্সক্লুসিভ স্ট্রিমিং পার্টনারশিপে আসতে যাওয়া 'রকস্টার' চলচ্চিত্রের এই দ্বিতীয় টিজারটি সাবিলার ভক্ত এবং শাকিব ভক্তদের ঈদের আনন্দকে দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। সব মিলিয়ে বড় পর্দায় শাকিব খানের সঙ্গে সাবিলা নূর, মিথিলা ও সুনিধির গ্ল্যামারাস উপস্থিতি দেখার জন্য সিনেমাপ্রেমীরা এখন অপেক্ষা করছেন।



