কান চলচ্চিত্র উৎসবে গতকাল পরিচালক পেদ্রো আলমোদোভারের ‘বিটার ক্রিসমাস’ সিনেমার বিশেষ প্রদর্শনী হঠাৎ বন্ধ করে দেওয়া হয়। সঙ্গে সঙ্গে দর্শকদের হল থেকে বের করে দেওয়া হয়। জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় সংবাদমাধ্যমের জন্য আয়োজিত এই বিশেষ প্রদর্শনীতে এক দর্শক গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
ঘটনার বিবরণ
মার্কিন সাময়িকী ভ্যারাইটির প্রতিবেদনে বলা হয়েছে, কান উৎসবের মূল ভেন্যু পালে দো ফেস্টিভালের ভেতরে অবস্থিত বাজইন থিয়েটারে সিনেমাটির প্রদর্শনী চলাকালে এই ঘটনা ঘটে। প্রদর্শনী শুরু হওয়ার প্রায় ১৫ মিনিট পর এক প্রবীণ দর্শক নিজের আসনে অচেতন হয়ে পড়েন। এতে ঘাবড়ে যান তাঁর পাশের দর্শকেরা। পরে তাঁর শারীরিক অবস্থা আরও খারাপ হতে থাকে, যা আতঙ্ক ছড়ায়।
কর্তৃপক্ষের পদক্ষেপ
পরিস্থিতি সামাল দিতে কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গেই প্রদর্শনী বন্ধ করে দেয়। জরুরি চিকিৎসাসেবা দিতে দর্শকদের হল থেকে বেরিয়ে যেতে অনুরোধ করা হয়। উৎসবের আয়োজন কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, অসুস্থ ব্যক্তির শারীরিক অবস্থা ভালো ছিল না, তবে তিনি সচেতন ছিলেন এবং সাড়া দিচ্ছিলেন। পরিস্থিতি বুঝে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
পরে সেই অসুস্থ দর্শককে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা সহায়তা শেষ হওয়ার পর চলচ্চিত্রটির প্রদর্শনী আবার শুরু করা হয়, এবং শুরু থেকেই পুরো সিনেমাটি দেখানো হয়।
আনুষ্ঠানিক প্রিমিয়ার
গতকাল একই সময়ে গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে সিনেমাটির আনুষ্ঠানিক প্রিমিয়ার চলছিল, যেখানে উপস্থিত ছিলেন পরিচালক পেদ্রো আলমোদোভার। প্রিমিয়ার শেষে দর্শকেরা টানা ৬.৫ মিনিট দাঁড়িয়ে করতালি দেন।
আলমোদোভারের কান প্রত্যাবর্তন
৭৯তম এই আয়োজনে সাত বছর পর কান চলচ্চিত্র উৎসবে ফিরেছেন পরিচালক পেদ্রো আলমোদোভার। তিনি ‘বিটার ক্রিসমাস’ সিনেমা দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। সিনেমাটি স্বর্ণপাম পুরস্কারের জন্য প্রতিযোগিতা করছে। এর আগে ২০১৯ সালে ‘পেইন অ্যান্ড গ্লোরি’ সিনেমা দিয়ে স্বর্ণপাম প্রতিযোগিতায় অংশ নেন তিনি।
এর মাঝে পেদ্রো আলমোদোভারের ‘প্যারালাল মাদারস’ ও ‘দ্য রুম নেক্স ডোর’ সিনেমা ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা করে ও পুরস্কার পায়। ২৭ বছর আগে ‘অল অ্যাবাউট মাই মাদার’ সিনেমা দিয়ে তিনি প্রথম কান উৎসব থেকে সেরা নির্মাতার পুরস্কার পান। পরবর্তী সময়ে ‘ভলভার’ ও ‘দ্য স্কিন আই লিভ ইন’ সিনেমা কানের একাধিক মনোনয়ন ও পুরস্কার এনে দেয়, কিন্তু কখনোই স্বর্ণপাম জিততে পারেননি তিনি।
সমালোচকদের নজর
ইতিমধ্যে ‘বিটার ক্রিসমাস’ সমালোচকদের নজর কেড়েছে এবং কান জয় করার সম্ভাবনা রয়েছে। সিনেমাটি একটি ট্র্যাজিক কমেডি, যেখানে ক্রিসমাসের সময় এক নারীকে তাঁর সঙ্গী ছেড়ে যাওয়ার গল্প উঠে এসেছে, যা সামাজিক বাস্তবতায় মানবিকতার প্রশ্ন জাগায়। উল্লেখ্য, কানের স্বল্পদৈর্ঘ্য সিনেমা বিভাগে ২০২৩ সালে পেদ্রোর ‘স্ট্রেঞ্জ ওয়ে অব লাইফ’ অংশ নেয়।



