ফরাসি রিভিয়েরায় অনুষ্ঠিত কান চলচ্চিত্র উৎসবের ‘মার্শে দু ফিল্ম’-এ নিজের নতুন সিনেমা ‘বম্বে স্টোরিজ’–এর প্রদর্শনীতে অংশ নেন বলিউড অভিনেত্রী মৌনী রায়। এদিন তাঁর পোশাকই ছিল সবচেয়ে বড় আকর্ষণ। কালো রঙের ছোট ড্রেস, তাতে সাদা হাল্টার কলার—পুরো লুকটিতে ছিল পুরোনো হলিউড গ্ল্যামারের ছাপ।
ফ্যাশনে পুরোনো হলিউডের ছোঁয়া
মৌনীর পোশাকের সঙ্গে কাঁধে ঝুলিয়ে রাখা ওভারসাইজড কালো কোট, শিয়ার স্টকিংস আর পয়েন্টেড বুট তাঁর উপস্থিতিকে আরও আকর্ষণীয় করে তোলে। ফ্যাশন অনুরাগীদের অনেকেই বলছেন, এবারের কানে ভারতীয় তারকাদের উপস্থিতির মধ্যে মৌনীর এই মিনিমাল অথচ সাহসী স্টাইল আলাদা করে নজর কেড়েছে।
সিনেমা ‘বম্বে স্টোরিজ’
রহমত শাহ কাজমির সিনেমা ‘বম্বে স্টোরিজ’ নির্মিত হয়েছে সাদাত হোসেন মান্টের গল্প ‘হাতক’ অবলম্বনে। সিনেমাটিতে যৌনকর্মীদের জীবনকে ব্যঙ্গ, মানবিকতা ও বাস্তবতার মিশেলে তুলে ধরা হয়েছে। এই সিনেমায় মৌনী রায়ের সঙ্গে অভিনয় করেছেন অনুপ্রিয়া গোয়েনকা ও সুস্মিতা সিং।



