দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলীলাকে ঘিরে গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে জোর গুঞ্জন চলছিল। অভিযোগ উঠেছিল, ভারতের তরুণ ক্রিকেটার তিলক বর্মার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন তিনি। তবে শেষ পর্যন্ত এই গুঞ্জনে পানি ঢেলে দিয়েছেন স্বয়ং শ্রীলীলার মা স্বর্ণলতা।
গুঞ্জনের শুরু যেভাবে
একটি ভাইরাল ভিডিও থেকে এই আলোচনার সূত্রপাত। ওই ভিডিওতে ভারতীয় ক্রিকেটার সূর্যকুমার যাদব মজা করে তিলক বর্মাকে উদ্দেশ্য করে বলেন, ‘তিলক ভার্মা ইজ ইন লাভ।’ সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ছড়িয়ে পড়ে ভিডিওটি। এরপর থেকেই নেটদুনিয়ায় অনেকে দাবি করতে থাকেন, এক বছর ধরে সম্পর্কে রয়েছেন শ্রীলীলা ও তিলক।
গুঞ্জন আরও জোরালো হয় আইপিএলের একটি ম্যাচে শ্রীলীলার মাকে গ্যালারিতে দেখা যাওয়ার পর। কেউ কেউ দাবি তোলেন, অভিনেত্রীর টিমের একজন সদস্য তিলকের নাম লেখা জার্সি পরেছিলেন। এমনকি দুজন একসময় সামাজিক যোগাযোগমাধ্যমে একে অপরকে অনুসরণ করতেন বলেও নানা ‘তত্ত্ব’ ছড়িয়ে পড়ে। তবে এসব দাবির কোনোটি নিশ্চিত হয়নি।
মায়ের সাফাই
গুঞ্জন বাড়তে থাকায় মুখ খুলেছেন শ্রীলীলার মা স্বর্ণলতা। তিনি বলেন, ‘এসব গুজবের একটুও সত্যতা নেই। কীভাবে এমন গল্প তৈরি হয়, সেটাই বুঝতে পারি না। শ্রীলীলা আর তিলক এক বছর ধরে সম্পর্কে আছে—এমন দাবিও সম্পূর্ণ ভিত্তিহীন।’
স্বর্ণলতা আরও জানান, বর্তমানে তাঁর মেয়ের পুরো মনোযোগ পড়াশোনা ও ক্যারিয়ারে। ‘ও সামনে ডাক্তারি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। আগামী জুনে পরীক্ষা। এখন ওর মনোযোগ পুরোপুরি পড়াশোনা আর সিনেমায়। ব্যক্তিগত সম্পর্ক নিয়ে ভাবার জন্য ওর সামনে এখনো অনেক সময় আছে,’ বলেন তিনি।
টিমের ব্যাখ্যা
এর আগে শ্রীলীলার টিম থেকেও আনুষ্ঠানিকভাবে এই গুঞ্জন অস্বীকার করা হয়। তাঁদের বক্তব্য, শ্রীলীলা ও তিলক ব্যক্তিগতভাবে একে অপরকে চেনেনই না। এমনকি কখনো কথা পর্যন্ত হয়নি তাঁদের। এক বিবৃতিতে বলা হয়, ‘এই গুঞ্জন পুরোপুরি ভিত্তিহীন। কোনো তথ্য-প্রমাণ ছাড়া এমন গল্প ছড়ানো উচিত নয়।’
বলিউডে অভিষেকের প্রস্তুতি
ব্যক্তিগত জীবন নিয়ে গুঞ্জনের মধ্যেও কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন শ্রীলীলা। খুব শিগগির বলিউডে অভিষেক হতে যাচ্ছে তাঁর। নির্মাতা অনুরাগ বসুর নতুন সিনেমায় তাঁকে দেখা যাবে কার্তিক আরিয়ানের বিপরীতে। এ ছাড়া তামিল তারকা ধানুশের সঙ্গেও একটি নতুন প্রকল্পে কাজ করছেন তিনি।
অভিনয়ের পাশাপাশি চিকিৎসাশাস্ত্রের পড়াশোনাও চালিয়ে যাচ্ছেন শ্রীলীলা। ফলে ক্যারিয়ার ও একাডেমিক—দুই দিক সামলেই এগোচ্ছেন দক্ষিণ ভারতের এই অভিনেত্রী।



