স্বর্ণপাম: বিশ্ব সিনেমার মর্যাদাপূর্ণ পুরস্কারের বিবর্তন ও তাৎপর্য
স্বর্ণপাম: বিশ্ব সিনেমার মর্যাদাপূর্ণ পুরস্কারের বিবর্তন

বিশ্ব সিনেমায় এমন কিছু পুরস্কার আছে, যেগুলো শুধু সাফল্যের প্রতীক নয়, বরং একটি সময়ের সাংস্কৃতিক অবস্থানও প্রকাশ করে। কান চলচ্চিত্র উৎসবের স্বর্ণপাম ঠিক তেমনই এক স্বীকৃতি। এখানে জয় মানে শুধু জনপ্রিয় হওয়া নয়; বরং এমন এক চলচ্চিত্র নির্মাণ করা, যা দর্শককে অস্বস্তিতে ফেলে, ভাবায়, প্রশ্ন তোলে এবং সিনেমার ভাষাকে নতুনভাবে ব্যবহার করে।

স্বর্ণপাম: বৈশ্বিক চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান

বিশ্ব সিনেমার সবচেয়ে মর্যাদাপূর্ণ স্বীকৃতিগুলোর একটি কান চলচ্চিত্র উৎসবের স্বর্ণপাম। প্রতি বছর ফ্রান্সের সমুদ্রতীরবর্তী শহর কানে যখন লালগালিচা বিছানো হয়, তখন সেখানে শুধু তারকাদের জমায়েত হয় না— বিশ্ব সিনেমার ভবিষ্যৎ নিয়েও শুরু হয় এক নীরব প্রতিযোগিতা। এই পুরস্কার জেতা মানে শুধু বছরের 'সেরা চলচ্চিত্র' হওয়া নয়। বরং এমন একটি সিনেমা তৈরি করা, যা সময়কে প্রশ্ন করে, দর্শককে নাড়িয়ে দেয় এবং শিল্পের ভাষাকে নতুনভাবে ব্যবহার করে।

সাম্প্রতিক স্বর্ণপামজয়ী চলচ্চিত্র: কানের বর্তমান ধারা

সাম্প্রতিক বছরগুলোর স্বর্ণপামজয়ী চলচ্চিত্রগুলোর দিকে তাকালে দেখা যায়, কান এখন শুধু ঝকঝকে গল্প খোঁজে না। বরং এমন নির্মাতাদের খোঁজে, যারা সমাজ, রাজনীতি, শ্রেণিবিভাজন, পরিচয় সংকট কিংবা মানুষের ভেতরের অন্ধকারকে সাহসের সঙ্গে পর্দায় তুলে আনতে পারেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

২০২৫: জাফর পানাহি ও 'ইট ওয়াজ এন এক্সিডেন্ট'

২০২৫ সালে স্বর্ণপাম জিতেছেন ইরানি নির্মাতা জাফর পানাহি। তাঁর চলচ্চিত্র 'ইট ওয়াজ এন এক্সিডেন্ট' রাজনৈতিক দমন-পীড়ন, ভয় এবং প্রতিরোধের গল্পকে এক অস্বস্তিকর মানবিক বাস্তবতায় তুলে ধরেছে। দীর্ঘদিন নিজ দেশে নিষেধাজ্ঞা, গৃহবন্দিত্ব ও কারাবরণের অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়া পানাহির এই জয়কে অনেকেই দেখছেন শিল্পের স্বাধীনতার প্রতীক হিসেবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

২০২৪: শন বেকার ও 'অ্যানোরা'

তার আগের বছর, ২০২৪ সালে স্বর্ণপাম জেতে 'অ্যানোরা'। পরিচালক শন বেকার বরাবরই সমাজের প্রান্তিক মানুষদের গল্প বলেন। এই চলচ্চিত্রেও তিনি স্বপ্ন, টিকে থাকা এবং সামাজিক বৈষম্যের গল্পকে তুলে ধরেন এক কাঁচা, অস্থির অথচ গভীর মানবিক ভঙ্গিতে।

২০২৩: জাস্টিন ত্রিয়েঁ ও 'অ্যানাটমি অফ এ ফল'

২০২৩ সালে ইতিহাস গড়েন জাস্টিন ত্রিয়েঁ। তাঁর চলচ্চিত্র 'অ্যানাটমি অফ এ ফল' আদালতঘর, দাম্পত্য ও সত্য-মিথ্যার জটিল সম্পর্ককে এমনভাবে নির্মাণ করে, যা একইসঙ্গে থ্রিলার এবং মনস্তাত্ত্বিক বিশ্লেষণ হয়ে ওঠে।

২০২২: রুবেন অস্টলুন্ড ও 'ট্র্যায়াঙ্গেল অব স্যাডনেস'

২০২২ সালে রুবেন অস্টলুন্ড দ্বিতীয়বারের মতো স্বর্ণপাম জেতেন 'ট্র্যায়াঙ্গেল অব স্যাডনেস' দিয়ে। ধনী শ্রেণির ভণ্ডামি ও পুঁজিবাদী সমাজকে ব্যঙ্গ করা এই চলচ্চিত্রে আবারও দেখা যায় কানের রাজনৈতিক ব্যঙ্গের প্রতি ঝোঁক।

২০২১: জুলিয়া দুকুর্নো ও 'টাইটান'

আর ২০২১ সালে জুলিয়া দুকুর্নোর 'টাইটান' যেন কানের রক্ষণশীল ধারণাগুলোকেই ভেঙে দেয়। অদ্ভুত, সহিংস এবং শারীরিক অভিজ্ঞতায় ভরপুর এই চলচ্চিত্র দেখিয়ে দেয়— কান এখনও ঝুঁকি নিতে ভয় পায় না।

২০১৯: বং জুন-হো ও 'প্যারাসাইট'

২০১৯ সালে বং জুন-হোর 'প্যারাসাইট' স্বর্ণপাম জয়ের পর বিশ্ব সিনেমার আলোচনাই বদলে যায়। শ্রেণিবৈষম্যের গল্প বলা এই চলচ্চিত্র পরে অস্কারও জেতে, যা কানের শিল্পরুচি এবং বৈশ্বিক দর্শকের রুচির মধ্যে নতুন এক সেতুবন্ধ তৈরি করে।

স্বর্ণপামের দৌড়ে উঠতে যে পরীক্ষাগুলো পেরোতে হয়

কানের প্রতিযোগিতা বিভাগে জায়গা পাওয়াই চলচ্চিত্রের জন্য বিশাল অর্জন। প্রতি বছর হাজার হাজার চলচ্চিত্র জমা পড়ে, কিন্তু অফিসিয়াল প্রতিযোগিতায় নির্বাচিত হয় মাত্র কয়েকটি। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো চলচ্চিত্রের শিল্পমান। বড় বাজেট, জনপ্রিয় অভিনেতা বা বাণিজ্যিক সম্ভাবনার চেয়ে বেশি গুরুত্ব পায় পরিচালকের দৃষ্টিভঙ্গি। গল্প কীভাবে বলা হচ্ছে, ক্যামেরা কীভাবে কাজ করছে, দৃশ্যের ভেতরে নীরবতা বা অস্বস্তি কীভাবে তৈরি হচ্ছে— সবকিছু মিলিয়ে বিচার করা হয় চলচ্চিত্রটিকে।

শুধু গল্প নয়, গুরুত্বপূর্ণ নির্মাণভঙ্গিও

কানের আরেকটি বড় শর্ত হলো বিশ্বপ্রিমিয়ার। অর্থাৎ প্রতিযোগিতায় থাকা অধিকাংশ চলচ্চিত্র আগে কোথাও আনুষ্ঠানিকভাবে প্রদর্শিত হতে পারে না। কান চায়, নতুন চলচ্চিত্রের প্রথম বড় উন্মোচন হোক তাদের মঞ্চেই। তবে শুধু রাজনৈতিক বক্তব্য বা সামাজিক বার্তা থাকলেই কোনো চলচ্চিত্র কানে জায়গা পায় না। গুরুত্বপূর্ণ হলো নির্মাণভঙ্গি। অনেক সময় ধীরগতির, পরীক্ষাধর্মী কিংবা মূলধারার বাইরে থাকা চলচ্চিত্রই এগিয়ে যায়, কারণ কান এমন সিনেমাকে মূল্য দেয় যা দর্শকের পরিচিত অভিজ্ঞতাকে চ্যালেঞ্জ করে।

পুরস্কারের নির্মাণশৈলী

পাম দ'র বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কার, যা কান চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ সম্মান হিসেবে দেওয়া হয়। এই ট্রফিটি সাধারণ কোনো ধাতব স্মারক নয়; এটি বিলাসবহুল গহনার মতো বিশেষভাবে তৈরি করা হয়। ট্রফির তালপাতার নকশার অংশটি ১৮ ক্যারেট সোনা দিয়ে নির্মিত, যার মধ্যে খাঁটি সোনার সঙ্গে অল্প পরিমাণে অন্য ধাতু মিশিয়ে দৃঢ়তা আনা হয়। আর নিচের বেসটি তৈরি করা হয় স্বচ্ছ ক্রিস্টাল দিয়ে, যা পুরো ট্রফিটিকে আরও দৃষ্টিনন্দন ও রাজকীয় করে তোলে। ১৯৯৮ সাল থেকে সুইজারল্যান্ডভিত্তিক শোপার এই পুরস্কারটি হাতে তৈরি করে আসছে। পাম দ'র নামটির অর্থ ফরাসি ভাষায় 'স্বর্ণপাম' বা 'সোনার তালপাতা', যা কান শহরের ঐতিহ্যবাহী প্রতীক থেকেও অনুপ্রাণিত।

কেন স্বর্ণপাম এখন সময়ের ভাষা

সাম্প্রতিক বছরগুলোর স্বর্ণপামজয়ী চলচ্চিত্রগুলো বিশ্লেষণ করলে দেখা যায়, কানের পছন্দের কেন্দ্রবিন্দুতে রয়েছে কিছু নির্দিষ্ট বিষয়— ক্ষমতার সমালোচনা, প্রান্তিক মানুষের জীবন, পরিচয় সংকট, সামাজিক বৈষম্য এবং মানুষের অন্তর্গত অস্বস্তি। অর্থাৎ, স্বর্ণপাম এখন আর শুধু 'ভালো সিনেমা'র পুরস্কার নয়। এটি ক্রমেই হয়ে উঠছে সময়ের বিবেকের পুরস্কার— যেখানে শিল্প, রাজনীতি এবং মানবিক বাস্তবতা এসে এক বিন্দুতে মিলিত হয়।