জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক হিসেবে পুনরায় দায়িত্ব গ্রহণ করেছেন কথাসাহিত্যিক আফসানা বেগম। রবিবার (১৭ মে) তিনি আনুষ্ঠানিকভাবে কাজে যোগ দিয়েছেন বলে নিশ্চিত করেছেন জাতীয় গ্রন্থকেন্দ্রের প্রশাসনিক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. শফিকুল ইসলাম।
নিয়োগ প্রক্রিয়া
তিনি জানান, গত ১৪ মে আফসানা বেগমকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এরপর আজ তিনি কাজে যোগ দেন। এই মেয়াদে তাকে এক বছরের চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।
পূর্ববর্তী নিয়োগ ও বাতিল
এর আগে, অন্তর্বর্তী সরকারের সময়ে ২০২৪ সালের সেপ্টেম্বরে জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছিলেন আফসানা বেগম। প্রজ্ঞাপন অনুযায়ী, তার মেয়াদ ছিল দুই বছর। তবে গত জানুয়ারিতে মেয়াদ পূর্ণ হওয়ার আগেই তার নিয়োগ বাতিল করেছিল অন্তর্বর্তী সরকার।
২০২৫ সালের ২০ জানুয়ারি অফিসের কাজে টিম নিয়ে ঢাকার বাইরে অবস্থানকালে আফসানা বেগম হঠাৎই জানতে পারেন তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন তার সঙ্গে থাকা সহকর্মীদের একজনের নজরে এলে তিনিই তাকে অবহিত করেন। তখন কেবল নৈশভোজ শেষ করে তিনি টিমের সঙ্গে পরের একটি কর্মসূচি নিয়ে কথা বলছিলেন।
সেদিন হঠাৎই কোনো 'কারণ ব্যাখ্যা' না করেই জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক পদ থেকে আফসানা বেগমকে অব্যাহতি দেয় অন্তর্বর্তী সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, '২০২৪ সালের ৫ সেপ্টেম্বর প্রজ্ঞাপনমূলে জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগকৃত আফসানা বেগমের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো।'
প্রতিক্রিয়া
কেন বাদ দেওয়া হয়েছিল, সে সময় বিষয়ে জানতে চাইলে আফসানা বেগম বাংলা ট্রিবিউনকে জানিয়েছিলেন, 'আমার একেবারেই জানা নেই— এ বিষয়ে যা বলবো সেটাই অনুমাননির্ভর হবে। আমি সেটা করতে চাই না।'
জানার পরে মন্ত্রণালয়ে যোগাযোগ করেছেন কিনা প্রশ্নে তিনি বলেছিলেন, 'আসলে আমার নিয়োগ বাতিলের পরের প্রজ্ঞাপনেই আরেকজনকে নতুন নিয়োগ দেওয়া হয়েছে, দেখে আমি আর যোগাযোগ করিনি। ওনারাও আমাকে কিছু বলেননি।'
তিনি অনেকটা আক্ষেপের সুরেই বলেছিলেন, 'আমার দুই বছরের নিয়োগ ছিল। আমার হাতে আর ৬ মাস সময় ছিল। আমি আমার পরিকল্পনা অনুযায়ী কাজ এগিয়ে নিচ্ছিলাম। এরমধ্যে কী হলো, সে বিষয়ে আমার জানা নেই।'
নতুন নিয়োগের শর্ত
নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য যেকোনও পেশা, ব্যবসা কিংবা সরকারি–বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এই নিয়োগ দেওয়া হলো। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দিয়ে নির্ধারিত হবে।



