তামিলনাড়ুর রুপালি পর্দায় সাড়া জাগানো অভিনেতা থালাপতি বিজয়, যিনি চন্দ্রশেখর জোসেফ বিজয় নামেও পরিচিত, এখন রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। সম্প্রতি শপথ গ্রহণের পর থেকে তিনি একের পর এক চমকপ্রদ সিদ্ধান্ত নিয়ে সবার নজর কাড়ছেন। এবার তিনি অভিনেতা সুরিয়া ও তৃষা কৃষ্ণানের নতুন সিনেমা ‘কারুপ্পু’-র জন্য প্রথম প্রদর্শনী চালুর বিশেষ অনুমতি দিয়েছেন।
বিশেষ অনুমতিতে সকাল ৯টার শো
সাধারণত তামিলনাড়ুতে সিনেমার প্রথম শো নির্দিষ্ট সময়সীমার মধ্যে শুরু হয়। কিন্তু মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়ের বিশেষ অনুমতিতে ‘কারুপ্পু’-র প্রদর্শনী বৃহস্পতিবার (১৪ মে) সকাল ৯টা থেকেই শুরু করার অনুমতি দেওয়া হয়েছে। এ বিষয়ে ছবিটির প্রযোজনা সংস্থা সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) বিজয়কে বিশেষভাবে ধন্যবাদ জানিয়ে একটি পোস্ট করেছে। সেখানে তারা লিখেছে, ‘আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়কে ‘কারুপ্পু’র ৯টার শো প্রদর্শনের বিশেষ অনুমতি দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।’
তৃষা ও বিজয়ের জল্পনা
গত কয়েক সপ্তাহ ধরে অভিনেত্রী তৃষা কৃষ্ণান এবং বিজয়কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা জল্পনা চলছে। বিশেষ করে গত ১০ মে বিজয়ের শপথ গ্রহণ অনুষ্ঠানে তৃষার উপস্থিতি সেই জল্পনার আগুনে আরও ঘি ঢেলেছে। ভক্তরা লক্ষ্য করেছেন যে, যেদিন (৪ মে) নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয় এবং বিজয়ের জয় নিশ্চিত হয়, সেদিনই ছিল এই অভিনেত্রীর জন্মদিন। সময়ের এই কাকতালীয় মিল ভক্তদের মাঝে ব্যাপক আলোচনার খোরাক জোগাচ্ছে।
ভক্তদের মিশ্র প্রতিক্রিয়া
সকাল ৯টার শো চালুর ঘোষণায় ভক্তদের মাঝে মিশ্র ও মজাদার প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ কৌতুক করে লিখেছেন, ‘আপনি ৪টা বা ৬টার শোর জন্যও আবদার করতে পারতেন।’ আবার অনেকে বিজয়ের এই উত্থানে মুগ্ধ হয়ে লিখেছেন, ‘এক সময় নিজের সিনেমার স্পেশাল স্ক্রিনিংয়ের জন্য সরকারের কাছে অনুমতি চাইতেন বিজয়, আর আজ তিনি নিজেই মুখ্যমন্ত্রী হিসেবে সেই অনুমতি দিচ্ছেন—কী দুর্দান্ত এক যাত্রা!’
‘কারুপ্পু’ সিনেমার সম্ভাবনা
কয়েক দিন আগে মুক্তি পাওয়া ছবির ট্রেইলারটি ইতোমধ্যেই ভক্ত-অনুরাগীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। ছবিতে সুরিয়া দ্বৈত চরিত্রে এবং তৃষা অভিনয় করেছেন একজন আইনজীবীর ভূমিকায়। গ্রামীণ অ্যাকশন, রাজনীতি, আদালতের লড়াই এবং অলৌকিক কিছু উপাদানের মিশেলে ছবিটি নির্মিত হয়েছে। সুরিয়ার সাম্প্রতিক কিছু সিনেমা যেমন ‘রেট্রো’ এবং ‘কাঙ্গুভা’ বক্স অফিসে আশানুরূপ ফল না করায়, ‘কারুপ্পু’ তার জন্য একটি বড় কামব্যাক হতে পারে কিনা, তা এখন দেখার অপেক্ষায় সবাই।



