মৌনী রায় ও সুরজ নাম্বিয়ারের দাম্পত্য জীবন নিয়ে বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। ভক্তদের মন খারাপ হলেও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কেউ কিছু জানাননি। সামাজিক যোগাযোগমাধ্যমে দুজন একে অপরকে আনফলো করেছেন বলে জানা গেছে। এর পর থেকেই শুরু হয় বিচ্ছেদের কারণ নিয়ে নানা গুঞ্জন।
সম্পর্কে চিড় ধরার শুরু
শোনা যাচ্ছে, নতুন বছরের শুরুতেই তাঁদের সম্পর্কে চিড় ধরতে শুরু করে। খবর অনুযায়ী, মৌনীর স্বামী সুরজ নাম্বিয়ার প্রতারণা করছেন এবং বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন। শুধু তা–ই নয়, আরও একটি গুঞ্জন উড়ছে যে মৌনীর টাকাপয়সা নয়ছয় করেছেন সুরজ। যদিও সুরজ নিজে দুবাইয়ের একজন ব্যবসায়ী এবং সেখানেই থাকেন। তাই আর্থিক প্রতারণার বিষয়টি কতটা সত্যি তা নিয়ে ধন্দ রয়ে গেছে। আরেকটি টুইস্ট হচ্ছে, মৌনীর কাছের বান্ধবী দিশা পাটানিও সুরজকে আনফলো করেছেন।
মৌনীর নিজের বক্তব্য
বিয়ে ভাঙার নেপথ্যে যখন একাধিক তত্ত্ব উঠে আসছে, তখন অবশেষে মুখ খুললেন মৌনী রায়। গতকাল ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট করেছেন অভিনেত্রী। সেখানে তিনি লেখেন, ‘সব সংবাদমাধ্যমের কাছে অনুরোধ, দয়া করে ভুয়া খবর ছড়াবেন না। এই সময়ে আমাদের একটু একা থাকতে দিন।’ তবে তাঁদের সত্যিই বিচ্ছেদ হয়েছে কি না, সে প্রসঙ্গে কিছু বলেননি তিনি।
মৌনী-সুরজের সম্পর্কের ইতিহাস
একসময় নির্মাতা অয়ন মুখার্জির সঙ্গে মৌনীর সম্পর্কের গুঞ্জন শোনা গেলেও অভিনেত্রী নিজের ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখতে চেয়েছেন। জানা যায়, ২০১৯ সালের নববর্ষ উদ্যাপনের সময় দুবাইয়ে পারস্পরিক পরিচিতদের মাধ্যমে প্রথম দেখা হয় মৌনী ও সুরজের। এরপর ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়ে। প্রায় দুই বছর সম্পর্কের পর পরিবারের সম্মতিতেই বিয়ের সিদ্ধান্ত নেন তাঁরা। ২০২২ সালের জানুয়ারিতে গোয়ায় বসেছিল তাঁদের বিয়ের আসর।



