শুক্রবার মুক্তির কথা থাকলেও হাসান জাহাঙ্গীর পরিচালিত ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমার সার্টিফিকেশন সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। তথ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং পুনরাদেশ না দেওয়া পর্যন্ত চলচ্চিত্রটি বাংলাদেশের কোনো প্রেক্ষাগৃহে বা অন্য কোনো মাধ্যমে প্রদর্শন করা যাবে না।
জেবা জান্নাতের অভিযোগ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে অভিনেত্রী জেবা জান্নাতের লিখিত অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি অভিযোগ করেন, তিনি একটি একক নাটকে অভিনয়ের উদ্দেশ্যে মৌখিকভাবে চুক্তিবদ্ধ হন এবং কয়েকটি দৃশ্যে অংশগ্রহণ করেন। পরে তিনি লক্ষ করেন যে তাঁর স্থিরচিত্র–সংবলিত ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ চলচ্চিত্রের পোস্টার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হচ্ছে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, নাটকের উদ্দেশ্যে ধারণকৃত দৃশ্যসমূহ সংশ্লিষ্ট অভিনেত্রীর অনুমতি ব্যতিরেকে চলচ্চিত্রে সংযোজন করে নির্মাণকাজ সম্পন্ন করা হয়েছে। এ নিয়ে বিভিন্ন অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
মৌসুমী ও ওমর সানীর বক্তব্য
একই সঙ্গে এই চলচ্চিত্রের বিষয়ে অভিনেত্রী মৌসুমী ও তাঁর পক্ষে স্বামী ওমর সানী বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রযোজক ও পরিচালকের বিরুদ্ধে বক্তব্য প্রদান করেছেন। মৌসুমী জানিয়েছেন, এটি কোনো সিনেমা নয়, বরং নাটকের কথা বলেই যুক্তরাষ্ট্রে শুটিং হয়েছিল।
এর পরিপ্রেক্ষিতে চলচ্চিত্রটি সম্পর্কে জনমনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন–২০২৩–এর ধারা ৮ অনুযায়ী, ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ শীর্ষক পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রের সার্টিফিকেশন সনদ (এলএফ-১৯/২০২৬, তারিখ: ১৬-০৩-২০২৬) সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
সিয়াম মৃধার অভিযোগ
এ ছাড়া ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নিয়ে অভিনেতা সিয়াম মৃধাও ফেসবুকে অভিযোগ করেন। তিনি জানান, একটি সিরিয়ালে কাজের নাম করে সিনেমার অনেক অংশ তৈরি করা হয়েছে।
পরিচালক হাসান জাহাঙ্গীরের সঙ্গে যোগাযোগ করে কোনো সদুত্তর না পেয়ে জেবা জান্নাত বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডসহ চলচ্চিত্রের বিভিন্ন সংগঠনে এবং টেলিভিশন অভিনেতার সংগঠন অ্যাক্টরস ইকুইটিতেও লিখিত অভিযোগ দেন। বুধবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে অভিযোগের পরিপ্রেক্ষিতে ছবিটির মুক্তি স্থগিত করা হয়।



