কানে পিটার জ্যাকসনকে সম্মানসূচক পাম দ’র, এলিজা উডের হাতে পুরস্কার
কানে পিটার জ্যাকসনকে সম্মানসূচক পাম দ’র, এলিজা উডের হাতে পুরস্কার

গতকাল কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী রাতে দেখা গেল এক আবেগঘন মুহূর্ত। বিখ্যাত ফ্যান্টাসি ও অ্যাডভেঞ্চার চলচ্চিত্রের অস্কারজয়ী নির্মাতা পিটার জ্যাকসনকে সম্মানসূচক পাম দ’র পুরস্কার প্রদান করা হয়। তাঁর হাতে এই সম্মাননা তুলে দেন তাঁরই সৃষ্ট ‘দ্য লর্ড অব দ্য রিংস’ সিনেমার অভিনেতা এলিজা উড। সিনেমাটির ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই পুনর্মিলনী ও সেরা অর্জনের রাতে স্মৃতিচারণ করতে গিয়ে পিটার জ্যাকসন মঞ্চে বলেন, ২৫ বছর আগে কানই তাঁকে বাঁচিয়েছিল।

কানের ভূমিকা স্মরণ

এলিজা উডের কাছ থেকে পুরস্কার গ্রহণের পর পিটার জ্যাকসন কান চলচ্চিত্র উৎসবের অবদানের কথা তুলে ধরেন, যা তাঁর ক্যারিয়ারকে বড় ধরনের ঝুঁকির হাত থেকে রক্ষা করেছিল। তিনি জানান, ‘দ্য লর্ড অব দ্য রিংস’ সিনেমার তিনটি কিস্তি তিনি একসঙ্গে শুটিং করেছেন, যার জন্য তিন বছর সময় লেগেছিল।

ঝুঁকিপূর্ণ প্রকল্প

পিটার জ্যাকসন বলেন, ‘তিনটি চলচ্চিত্র একসঙ্গে নির্মাণের কারণে বড় ধরনের ঝুঁকি তৈরি হয়েছিল। সেই সময় প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রস তাদের মালিকানা নিয়ে অস্থির সময় পার করছিল। তখন সবাই ভেবেছিলেন আমাদের সিনেমার ভবিষৎ নেই। গণমাধ্যমে অনেকে সরাসরি বলেছিলেন প্রকল্পটি ব্যর্থ হবে। নেতিবাচক মন্তব্যে সবকিছু ছেয়ে গিয়েছিল।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কানে ফুটেজ প্রদর্শন

সেই সময় কীভাবে কান উৎসবে এসে সিনেমার ভাগ্য বদলেছিল, তা শোনার জন্য দর্শক সারিতে সমালোচকেরা অপেক্ষা করছিলেন। কিছুটা বিরতি নিয়ে অস্কারজয়ী এই পরিচালক বলেন, ‘সবদিক থেকেই তখন আমার সিনেমা নিয়ে নেতিবাচক খবর। এই খবরে একটি সিনেমা ব্যর্থ হলে পরবর্তী সিনেমাগুলো নিয়েও আমাদের বিপাকে পড়তে হতো। পরে ২০০১ সালে কান উৎসবে এসে আমার সিনেমার ২০ মিনিটের ফুটেজ প্রদর্শন করি। তার পর থেকেই সিনেমাটি নিয়ে গণমাধ্যম ও দর্শকের দৃষ্টিভঙ্গি পাল্টে যায়। সবাই সিনেমাটির ২০ মিনিটের ফুটেজ দেখে প্রশংসা করে খবর প্রকাশ করে। কান না থাকলে ছবিটি মুক্তির আগেই এমন প্রত্যাশা তৈরি হতো না।’ পরে সিনেমাটি চারটি শাখায় অস্কার পুরস্কার লাভ করে।

এলিজা উডের স্মৃতিচারণ

পিটার জ্যাকসনকে সম্মানসূচক পাম দ’র তুলে দেওয়ার সময় এলিজা উড সেদিনের কথা স্মরণ করে বলেন, ‘মাত্র ১৮ বছর বয়সে অডিশনের জন্য বন্ধুদের নিয়ে একটি জঙ্গলে গিয়েছিলাম। একটি ভিডিও ধারণ করে পাঠিয়েছিলাম। পরে জানতে পারি, আমিই ফ্রোডো ব্যাগিন্স চরিত্রে নির্বাচিত হয়েছি। আমি বুঝেছিলাম, আমার জীবন তখন থেকে দুই ভাগে বিভক্ত হয়ে গেল—এর আগে এবং এর পরে। আমার জীবনটাই বদলে দেন পিটার জ্যাকসন।’

উৎসবের সময়সূচি

গতকাল শুরু হওয়া ৭৯তম কান চলচ্চিত্র উৎসব চলবে ২৩ মে পর্যন্ত। উল্লেখ্য, এর আগে কান উৎসব থেকে সম্মানসূচক পাম দ’র পুরস্কার পেয়েছেন জোডি ফস্টার, মেরিল স্ট্রিপ, রবার্ট ডি নিরো, টম ক্রুজসহ অনেকে।