নোরা-হানির ‘বডি রোল’ নেটফ্লিক্সের ‘জিবারো’র নকল? তুমুল বিতর্ক
নোরা-হানির ‘বডি রোল’ নেটফ্লিক্সের ‘জিবারো’র নকল?

‘কেডি: দ্য ডেভিল’–এর গান ‘সরকে চুনর তেরি সরকে’ নিয়ে বিতর্কের পর এবার নতুন গান ‘বডি রোল’–এর জন্য বিতর্কের মুখে নোরা ফাতেহি ও হানি সিং। গত শনিবার ইউটিউবে মুক্তি পাওয়া গানটির ভিডিও নেটফ্লিক্সের জনপ্রিয় অ্যানিমেটেড সিরিজ ‘লাভ, ডেথ‍+রোবট’–এর বহুল প্রশংসিত পর্ব ‘জিবারো’ থেকে প্রায় হুবহু অনুকরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

কী মিল?

ভিডিওতে দেখা যায়, গয়নায় মোড়া এক রহস্যময় নারী হ্রদ থেকে উঠে এসে এক যোদ্ধাকে আকৃষ্ট করার চেষ্টা করছে। স্বপ্নিল আবহ, জঙ্গলের পটভূমি, ভারী অলংকার আর সোনালি পোশাকে হাজির হন নোরা ফাতেহি। অন্যদিকে ২০২২ সালে মুক্তি পাওয়া ‘জিবারো’ পর্বেও দেখা যায়, অ্যামাজনের গভীর জঙ্গলে এক কনকুইস্তাদোর বা স্প্যানিশ যোদ্ধা রহস্যময় এক ‘সাইরেন’সদৃশ নারীর মুখোমুখি হয়। সেই নারীও সোনালি অলংকারে ঢাকা, হ্রদ থেকে উঠে আসে। যোদ্ধার গায়েও ছিল ট্যাটু ও ধাতব অলংকার।

বিশেষ করে ভিডিওর শুরু অংশের দৃশ্য, পোশাক, চরিত্রের সাজসজ্জা এমনকি ক্যামেরার ভাষাও ‘জিবারো’র কথা মনে করিয়ে দেয় বলে মন্তব্য করেছেন অনেকে। ‘বডি রোল’-এর শুরুতে দেখা যায়, মধ্যযুগীয় পোশাক পরা এক ব্যক্তি জঙ্গলের ভেতর দিয়ে দৌড়ে এসে হ্রদের পানি পান করছে। তার শরীরে ট্যাটু, গায়ে গয়না। ঠিক তখনই হ্রদ থেকে উঠে আসে সোনালি অলংকারে মোড়া এক নারী। পরে শুরু হয় নোরার নাচের অংশ।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া

মুক্তির পর কয়েক দিনের মধ্যেই ভিডিওটি ২০ লাখের বেশি ভিউ পেয়ে যায়। ইনস্টাগ্রামসহ অন্যান্য প্ল্যাটফর্মেও ছড়িয়ে পড়ে এর নানা ক্লিপ। ইউটিউবের মন্তব্য ঘরেই শুরু হয় বিতর্ক। একজন লিখেছেন, ‘এটা পুরোপুরি “জিবারো” ভাইব দিচ্ছে। তবে টুইস্টটা ভালো লেগেছে।’ আরেকজনের মন্তব্য, ‘ভিজ্যুয়াল পুরো “লাভ, ডেথ অ্যান্ড রোবটস” থেকে কপি করা।’ কেউ কেউ আরও কড়া ভাষায় সমালোচনা করেছেন। একজন লিখেছেন, ‘যারা নকল করে, তারা কখনো মৌলিক কিছু তৈরি করতে পারে না।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ইনস্টাগ্রামেও বিষয়টি নিয়ে তুমুল আলোচনা চলছে। কনটেন্ট নির্মাতা ফিল্মি সোনিয়া নিজের অ্যাকাউন্টে দুই ভিডিওর দৃশ্য পাশাপাশি রেখে তুলনামূলক একটি ভিডিও পোস্ট করেন। এরপর আরও বেশি প্রতিক্রিয়া আসতে থাকে। একজন মন্তব্য করেন, ‘টিজার দেখেই মনে হয়েছিল এটা “জিবারো”। পরে বুঝলাম, পুরোপুরি কপি।’

তবে সবাই সমালোচনা করেননি। কেউ কেউ বলছেন, এটি সরাসরি নকল নয়, বরং ‘অনুপ্রাণিত’ কাজ। যদিও সেই যুক্তি মানতে নারাজ অনেকে। এক ইনস্টাগ্রাম ব্যবহারকারীর ভাষায়, ‘বলিউডের নকল করার ইতিহাস আছে। তাই এটাকে শুধু “ইনস্পায়ার্ড” বলা কঠিন। কোনো স্বীকৃতি ছাড়াই এভাবে মূল শিল্পকর্ম ব্যবহার করা হতাশাজনক।’

নোরা ও হানির কোনো মন্তব্য নেই

এদিকে নোরা ফাতেহি বা হানি সিং—কেউই এখন পর্যন্ত এই বিতর্ক নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা থামার লক্ষণ নেই। অনেকেই প্রশ্ন তুলছেন, অনুপ্রেরণা আর অনুকরণের সীমারেখা ঠিক কোথায়?

‘লাভ, ডেথ‍+রোবট’ নির্মাণ করেছিলেন টিম মিলার। প্রযুক্তি, হরর, ফ্যান্টাসি ও ডার্ক কমেডির মিশেলে তৈরি এই অ্যানিমেটেড অ্যান্থলজি সিরিজের প্রতিটি পর্ব আলাদা গল্প নিয়ে নির্মিত। ‘জিবারো’ ছিল তৃতীয় মৌসুমের নবম পর্ব। এটি পরিচালনা করেন আলবারতো মিলগো। ১৭ মিনিটের এই পর্ব মুক্তির পর সমালোচক ও দর্শকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল।