গুরুতর লিভার জটিলতা: কারিনা কায়সার চেন্নাইয়ে চিকিৎসাধীন
গুরুতর লিভার জটিলতায় কারিনা কায়সার চেন্নাইয়ে

গুরুতর লিভার জটিলতায় আক্রান্ত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারকে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাই নেওয়া হয়েছে। সোমবার (১১ মে) দিবাগত রাতে বিশেষ জেট এয়ার অ্যাম্বুল্যান্সে করে তাকে দেশটির একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। কারিনার বাবা, জাতীয় ফুটবল দলের সাবেক তারকা কায়সার হামিদ মঙ্গলবার (১২ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন।

পরিবারের সঙ্গে মেয়ের চিকিৎসা

কায়সার হামিদ জানান, মেয়ের সঙ্গে গেছেন তার মা লোপা কায়সার। পাশাপাশি সম্ভাব্য লিভার ডোনার হিসেবে সঙ্গে রয়েছেন কারিনার দুই ভাই মোস্তফা এস হামিদ ও সাদাত হামিদ। পোস্টে সবার কাছে মেয়ের জন্য দোয়া চেয়ে কায়সার হামিদ লেখেন, ‘গত রাতে উন্নত চিকিৎসার জন্য আমার মেয়ে কারিনাকে জেট এয়ার অ্যাম্বুল্যান্সে দেশের বাইরে নেওয়া হয়।’

অসুস্থতার বিবরণ

শুক্রবার (৮ মে) রাত থেকে লাইফ সাপোর্টে ছিলেন কারিনা। পরিবারের পক্ষ থেকে জানা যায়, কয়েক দিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। পরে অবস্থার দ্রুত অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, কারিনা হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস ই–তে আক্রান্ত হন। সংক্রমণ বাড়তে থাকায় এবং আগে থেকেই থাকা ফ্যাটি লিভারের সমস্যার কারণে এক পর্যায়ে তার লিভার ফেইলিউর দেখা দেয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আর্থিক সংকট

এদিকে কারিনার চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে পরিবার বড় ধরনের আর্থিক চাপের মুখে পড়েছে বলেও জানিয়েছেন কায়সার হামিদ। হাসপাতালের ব্যয় এবং এয়ার অ্যাম্বুল্যান্সের খরচ মেটাতে পরিবারের ফিক্সড ডিপোজিট ভাঙা এবং জমি বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ক্যারিয়ার ও শুভেচ্ছা

অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও পরিচিত ছিলেন কারিনা কায়সার। ওটিটি প্ল্যাটফর্ম চরকির জনপ্রিয় সিরিজ ইন্টার্নশিপ এবং ৩৬-২৪-৩৬–এ তার কাজ দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল। কারিনার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে সহকর্মী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করছেন।