বলিউডের আলোচিত সিনেমা 'ডন ৩' নিয়ে সামাজিক মাধ্যমে চলছে তুমুল বিতর্ক। একদিকে রণবীর সিং ও ফারহান আখতারের মধ্যে সিনেমা থেকে সরে দাঁড়ানো নিয়ে টানাপোড়েন, অন্যদিকে হঠাৎ করেই চর্চার কেন্দ্রে উঠে এসেছেন হৃতিক রোশন। একটি গণমাধ্যমের পোস্ট ঘিরে নেটিজেনদের একাংশের ধারণা, হৃতিক রোশন যেন পরোক্ষভাবে নিজেকেই 'ডন ৩'-এর জন্য প্রস্তাব করছেন।
হৃতিকের পোস্ট ও জোয়ার মন্তব্য
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে হৃতিক রোশন লেখেন, তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল এখন তিনি কী ধরনের চরিত্রে অভিনয় করতে চান, তখন তার মনে প্রথম আসে 'লাক বাই চান্স' সিনেমার জাফর চরিত্রের কথা। তিনি জানান, ওই ধরনের ধূসর বা জটিল চরিত্রে অভিনয়ের সুযোগ পেলে তিনি লুফে নেবেন। তবে পরিচালকরা তাকে এখনো মূলত 'ভালো মানুষের' চরিত্রেই দেখতে চান বলে আক্ষেপ করেন তিনি।
হৃতিকের সেই পোস্টের পরই আলোচনায় যোগ দেন জোয়া আখতার। তিনি মন্তব্য করেন, 'চলো, কফি খাওয়া যাক', সঙ্গে ছিল আলিঙ্গন ও হৃদয়ের ইমোজি। আর এতেই শুরু হয় নেটিজেনদের মধ্যে জল্পনা।
ভক্তদের অনুরোধ ও জল্পনা
হৃতিকের পোস্টের মন্তব্যের ঘরে ভক্ত-অনুরাগীরা একের পর এক অনুরোধ জানাতে থাকেন। কেউ 'জিন্দেগি না মিলেগি দোবারা'-র সিক্যুয়েল চেয়েছেন, আবার কেউ সরাসরি লিখেছেন— 'হৃতিককে ডন ৩ সিনেমায় নিন'।
অনেকেই মনে করেন, হৃতিকের পোস্টে থাকা 'নেগেটিভ শেড', 'ফারহান', 'ভিন্ন ধরনের চরিত্র'-এর মতো ইঙ্গিতগুলো আসলে ডন ফ্র্যাঞ্চাইজির দিকেই ইশারা করছে। কেউ কেউ আবার মনে করিয়ে দিয়েছেন— 'ডন ২' সিনেমায় হৃতিকের সংক্ষিপ্ত উপস্থিতি দর্শকদের মধ্যে যথেষ্ট জনপ্রিয় হয়েছিল এবং তাকে কেন্দ্রীয় চরিত্রে দেখার আগ্রহও কম নয়।
রণবীর-ফারহান টানাপোড়েন
অন্যদিকে, 'ডন ৩' থেকে সরে দাঁড়ানো নিয়ে রণবীর সিং ও ফারহান আখতারের মধ্যে টানাপোড়েন চলছে। এই পরিস্থিতিতে হৃতিকের নাম সামনে আসায় জল্পনা আরও বেড়েছে। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত কে হবেন 'ডন ৩'-এর নায়ক।



