নারায়ণগঞ্জে ফের গ্যাস বিস্ফোরণ, একই পরিবারের ৪ জন দগ্ধ
নারায়ণগঞ্জে ফের গ্যাস বিস্ফোরণ, একই পরিবারের ৪ জন দগ্ধ

নারায়ণগঞ্জের ফতুল্লায় আবারও একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বাবা ও তার তিন ছেলে গুরুতর দগ্ধ হয়েছেন। সোমবার (১১ মে) সকাল সাড়ে ৬টার দিকে ফতুল্লার শিবু মার্কেটের পাশে কুতুবপুর রাখিবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

দগ্ধদের পরিচয় ও অবস্থা

দগ্ধরা হলেন- আব্দুল কাদের (৫০) এবং তার তিন ছেলে মেহেদী (১৭), জমজ সন্তান সাকিব (১৬) ও রাকিব (১৬)। তাদের গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব উপজেলায়। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, আব্দুল কাদেরের শরীরের ৫৭ শতাংশ, মেহেদীর ১৮, সাকিবের ১৭ ও রাকিবের ২৫ শতাংশ পুড়ে গেছে। মেহেদী ও রাকিবের শ্বাসনালীও দগ্ধ হয়েছে। তাদের চারজনের অবস্থাই গুরুতর।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ঘটনার বিবরণ

প্রতিবেশি মো. ফারুক জানান, একতলা ভবনটিতে ভাড়া থাকেন আব্দুল কাদেরের পরিবার। তার স্ত্রীসহ তিন ছেলে নিয়ে বসবাস করতেন। সকালে বাসায় বিকট শব্দে বিস্ফোরণ হয়। শব্দে আশপাশের মানুষ জেগে ওঠে। সবাই দৌড়ে গিয়ে দেখেন, বাড়িটির দরজা-জানালা ভেঙে পড়েছে। ঘরের ভেতর থেকে দগ্ধ অবস্থায় একে একে তাদের বের করে আনা হয়। সঙ্গে সঙ্গে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

ধারণা করা হচ্ছে, তিতাস গ্যাসের লাইনের লিকেজ থেকে গ্যাস জমে বিস্ফোরণ ঘটে। আব্দুল কাদের অটোরিকশাচালক, মেহেদী হালিম বিক্রেতা, সাকিব কারখানায় কাজ করেন এবং রাকিব চটপটি বিক্রি করেন। ঘটনার সময় তিন ছেলে ও বাবা ঘুমিয়েছিলেন। মা রান্নার জন্য পানি সংগ্রহ করতে ঘরের বাইরে ছিলেন।

ফায়ার সার্ভিসের বক্তব্য

নারায়ণগঞ্জের হাজিগঞ্জ ফায়ার স্টেশনের স্টেশন অফিসার নূরে আলম দুলাল জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিতাস গ্যাসের লাইনের লিকেজ থেকে গ্যাস নির্গত হয়ে বিস্ফোরণ ঘটে। অসাবধানতাবশত গ্যাস জমে থাকা ঘরে দিয়াশলাই বা লাইটার জ্বালানোর কারণে বিস্ফোরণ হয়। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পূর্ববর্তী ঘটনা

এর আগে শনিবার (১০ মে) নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের ৫ জন দগ্ধ হয়। ভোর ৬টা ৫৫ মিনিটে ভূঁইগড় গিরিধারা এলাকার একটি ভবনের নিচতলার ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- মো. কালাম (৪৫), তার স্ত্রী সালমা (৪০), ছেলে মুন্না (১২), মেয়ে মুন্নি (১০) ও কথা (৭)। তাদেরও বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।