নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দাবিকৃত চাঁদা না দেওয়ায় এক মালয়েশিয়াপ্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, হামলাকারীরা বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৪৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়েছে। এ ঘটনায় স্থানীয় এক যুবকসহ ১৫ জনের বিরুদ্ধে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ দায়ের
শুক্রবার (৮ মে) দুপুরে প্রবাসীর স্ত্রী জাকিয়া বেগম বাদী হয়ে থানায় এই অভিযোগ দায়ের করেন। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, পিরোজপুর ইউনিয়নের খাসেরগাঁও এলাকার বাসিন্দা জলিল ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে প্রবাসীর পরিবারের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল। স্বামী প্রবাসে থাকায় জাকিয়া বেগমকে বিভিন্ন সময় ভয়ভীতিও দেখানো হতো।
হামলার বিবরণ
দাবিকৃত চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় গত বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে ১২-১৫ জনের একটি সশস্ত্র দল উপজেলার চর গোয়ালদী কোনাপাড়া এলাকায় ওই প্রবাসীর বাড়িতে হামলা চালায়। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, হামলাকারীরা বাড়ির প্রধান ফটক ভেঙে ভেতরে ঢুকে পরিবারের সদস্যদের মারধর ও জিম্মি করে ফেলে। এরপর কক্ষের আলমারি ভেঙে নগদ ৫ লাখ টাকা এবং দুই সদস্যের মোট ১৫ ভরি ৮ আনা স্বর্ণালংকার লুটে নেয়। এছাড়া ল্যাপটপ, আইপ্যাড ও চারটি স্মার্টফোনসহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিয়ে যায় তারা।
হুমকি ও থানার পদক্ষেপ
জাকিয়া বেগম জানান, লুটপাট শেষে যাওয়ার সময় হামলাকারীরা একটি মোবাইল নম্বর দিয়ে যায় এবং 'আপসের' জন্য যোগাযোগ করতে বলে। একই সাথে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে বা পুলিশকে জানালে পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হয়। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



