সময়ের সঙ্গে সঙ্গে ডেটিংয়ের ভাষাও বদলে যাচ্ছে। বিশেষ করে জেন-জি প্রজন্ম সোশ্যাল মিডিয়া ও আধুনিক সম্পর্কের অভিজ্ঞতা থেকে নতুন নতুন টার্ম তৈরি করছে। ২০২৬ সালে ট্রেন্ডে থাকা এমন ৫টি ডেটিং টার্ম হলো:
পকেটিং
পকেটিং মানে হলো—কোনো সম্পর্কে থাকা সত্ত্বেও পরিবার বা কাছের মানুষদের কাছে নিজেকে ‘সিঙ্গেল’ হিসেবে উপস্থাপন করা। সম্পর্কের একেবারে শুরুর দিকে এমনটা কিছুটা স্বাভাবিক হতে পারে। তবে নির্দিষ্ট কোনো কারণ ছাড়াই দীর্ঘ সময় ধরে এই আচরণ চালিয়ে গেলে সেটিকে সম্পর্কের ক্ষেত্রে একটি সতর্ক সংকেত বা রেড ফ্ল্যাগ হিসেবে ধরা হয়।
ফিজলিং
ফিজলিং হলো কোনো সম্পর্ক, কথা বলা বা ডেটিং ধীরে ধীরে নিজে থেকেই নিস্তেজ হয়ে যাওয়া। যেখানে ঝগড়া বা স্পষ্ট ব্রেকআপ হয় না। কেবল ধীরে ধীরে যোগাযোগ কমতে কমতে একসময় শেষ হয়ে যায়।
ইমোশনাল এয়ারবিএনবি
সম্পর্কে থেকে কেবল নিজের আবেগগত চাহিদা পূরণের জন্য অপরজনকে ব্যবহার করা। যেমন—দুঃখ, কষ্ট বা হতাশার সময়ে তার কাছে গিয়ে মন হালকা করা। কিন্তু যখন নিজেকে আবার স্থিতিশীল ও আত্মবিশ্বাসী মনে হয়, তখন হঠাৎ করেই সেই সম্পর্ক থেকে সরে আসা।
জম্বিড
হঠাৎ করে সঙ্গীর সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেওয়া, যেন সে নেই-ই। তারপর কিছুদিন পর হঠাৎ ফিরে এসে নানা অজুহাত দেওয়া, যেমন ‘গত সপ্তাহটা খুব কঠিন গেছে, কাজের প্রচণ্ড চাপ ছিল, তাই যোগাযোগ করতে পারিনি।’
রোচিং
রোচিং হলো ডেটিংয়ে এমন পরিস্থিতি, যেখানে একজন মানুষ দেখান যে তিনি কেবল আপনার সঙ্গেই প্রেম করছেন। আপনি ছাড়া তার তেমন কেউ নেই বা আপনিই তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। কিন্তু বাস্তবে দেখা যায়, তিনি ডাবল বা ট্রিপল টাইমিং করছেন। এককথায়, সম্পর্কে থেকে প্রতারণা করছেন। নামটি এসেছে তেলাপোকা থেকে।



