বোয়ালমারীতে সাপের কামড়ে কিশোরের মৃত্যু, ওঝার ঝাড়ফুঁক ব্যর্থ
বোয়ালমারীতে সাপের কামড়ে কিশোরের মৃত্যু, ওঝার ঝাড়ফুঁক ব্যর্থ

ফরিদপুরের বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে রাফসান শেখ (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সময়মতো হাসপাতালে না নিয়ে ওঝা দিয়ে ঝাড়ফুঁক করিয়ে সুস্থ করার চেষ্টা করায় তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

ঘটনার বিবরণ

রোববার (২৮ জুন) ভোরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। রাফসান শেখ উপজেলার গুণবহা ইউনিয়নের অমৃতনগর চরপাড়া গ্রামের মো. লিটন শেখের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার রাত ৮টার দিকে রাফসান প্রকৃতির ডাকে সাড়া দিতে বাথরুমে যায়। সেখান থেকে ফেরার পথে তাকে একটি বিষাক্ত সাপ দংশন করে। পরে পরিবারের সদস্যরা পাশের ঘোষপুর ইউনিয়নের গোয়াইলবাড়ি গ্রামের কানু মিনা নামে এক ওঝাকে এনে ঝাড়ফুঁক করিয়ে তাকে সুস্থ করার চেষ্টা করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

চিকিৎসার বিলম্ব

রাত ৪টার দিকে তার অবস্থার অবনতি হলে প্রথমে তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ভোরে তার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য এনায়েত হোসেন বলেন, প্রায় ১৫ দিন আগেও রাফসানকে তাদের পুকুরপাড়ে সাপে দংশন করেছিল। তখন ওঝা কানু মিনার ঝাড়ফুঁকের পর সে সুস্থ হয়ে ওঠে। শনিবার রাতে আবারও সাপে দংশনের পর একই ওঝাকে দিয়ে ঝাড়ফুঁক করিয়ে সুস্থ করার চেষ্টা করা হয়। একপর্যায়ে ভোরের দিকে তার মৃত্যু হয়।

চিকিৎসকের বক্তব্য

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. কে এম মাহমুদ রহমান বলেন, রাত ৪টার দিকে ওই কিশোরকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হয়। সে সময় কর্তব্যরত চিকিৎসক ডা. সুমন রায় রোগীর অবস্থা বিবেচনা করে সাপে দংশনের চিকিৎসায় অ্যান্টিভেনম প্রয়োগের প্রয়োজনীয়তা সম্পর্কে পরিবারের সদস্যদের বিস্তারিত জানান।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তবে তারা অ্যান্টিভেনম দিতে সম্মতি না দেওয়ায় তাদের সম্মতিক্রমে রোগীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে ভোরে তার মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি।