মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (IRGC) নৌবাহিনীর বিরুদ্ধে হরমুজ প্রণালীতে একটি সাইপ্রাস-পতাকাবাহী জাহাজে হামলার জবাবে তেহরানে হামলা চালিয়েছে। এই হামলার পর ইরান উপসাগরীয় অঞ্চলে পাল্টা হামলা চালাতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। ফলে বাহরাইন ও কাতারে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
বাহরাইনে সাইরেন বাজিয়ে সতর্কতা
মিডল ইস্ট আই-এর প্রতিবেদন অনুযায়ী, বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাইরেন বাজিয়ে নাগরিকদের শান্ত থাকার এবং নিকটস্থ নিরাপদ স্থানে দ্রুত আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছে।
কাতারে সর্বোচ্চ ঝুঁকি ঘোষণা
কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির নিরাপত্তা ঝুঁকির মাত্রা বর্তমানে খুবই উচ্চ। তাই সকলকে নিরাপত্তা নির্দেশনা অনুসরণ করে বাড়িতে বা নিরাপদ স্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে, ইরান উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে মার্কিন হামলার জবাব দেয়। বাহরাইনে একটি বড় মার্কিন নৌঘাঁটি রয়েছে, আর কাতারে মধ্যপ্রাচ্যের বৃহত্তম মার্কিন সামরিক ঘাঁটি অবস্থিত।
বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতিতে পুরো উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বিরাজ করছে। ইরানের সম্ভাব্য হামলা মোকাবেলায় বাহরাইন ও কাতার তাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।



