নড়াইল পৌরসভার বরাশুলা চিত্রা সেতু এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী ট্রেনে কাটা পড়ে পলি বেগম (২৭) নামে এক নারী নিহত হয়েছেন। এ সময় তার কোলে থাকা দেড় বছরের সন্তান ফুরকানও মারা যায়। দুজন প্রত্যক্ষদর্শী জানান, দেড় বছরের সন্তানকে নিয়ে ওই নারী ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন।
ঘটনার বিবরণ
শনিবার (২৫ এপ্রিল) দুপুর পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত পলি নড়াইল সদর উপজেলার মুলদাইড় গ্রামের নূর ইসলাম ভূঁইয়ার স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী ট্রেনটি দুপুর পৌনে ১টার দিকে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পলি বেগম তার কোলে থাকা শিশুসন্তানকে নিয়ে চিত্রা রেলসেতুর ওপর উঠে যান। সেখানে ট্রেনে কাটা পড়ে ওই নারী ও তার কোলে থাকা ছেলেসন্তানের মৃত্যু হয়।
পুলিশের বক্তব্য
নড়াইল সদর থানার পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে ওই নারী তার কোলে থাকা শিশুসন্তানকে নিয়ে আত্মহত্যা করেছেন। তদন্ত করে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা করছে পুলিশ।’



