চট্টগ্রাম বন্দর জঙ্গল থেকে অপহৃত প্রকৌশলী উদ্ধার, গ্রেপ্তার ৪
চট্টগ্রাম বন্দর জঙ্গল থেকে অপহৃত প্রকৌশলী উদ্ধার

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার মধ্যম মোহরা এলাকা থেকে নিখোঁজ এক প্রকৌশলীকে বন্দর এলাকার একটি জঙ্গল থেকে উদ্ধার করেছে র‍্যাব ৭–এর একটি দল। আজ রোববার বেলা ১১টার দিকে চান্দগাঁও মোহরা এলাকার বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন মো. মনিরুল হক নামের কাতারপ্রবাসী ওই প্রকৌশলী। এর কিছু সময় পর অজ্ঞাতপরিচয় একজন ফোন করে তাঁকে অপহরণের কথা জানান। ওই ব্যক্তি মনিরুলকে ছেড়ে দিতে তিন লাখ টাকা মুক্তিপণও দাবি করেন। এরপর পরিবারের সদস্যরা থানায় ডায়েরি (জিডি) করেন। মনিরুলকে উদ্ধারের জন্য র‍্যাবের কাছে তাঁরা আবেদনও করেন। আবেদন পেয়ে অভিযানে নামে র‍্যাব।

অভিযানের বিবরণ

র‌্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রকৌশলী মো. মনিরুল হক আজ বেলা ১১টার দিকে চান্দগাঁও থানার মধ্যম মোহরা এলাকার সাফা মোতালেব কলেজ রোডের এনআর ভবনে নিজ বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। পরিবারের সদস্যরা তাঁকে অপহরণের কথা জানিয়ে র‌্যাবের কাছে বিকেল চারটার দিকে উদ্ধারের আবেদন করেন। অনুরোধ পেয়ে র‍্যাব সদস্যরা সন্ধ্যা ছয়টার দিকে বন্দর থানার রেলওয়ে একাডেমির সিএইচএসডি গুদামের সামনের জঙ্গল অপহৃত মনিরুল হককে উদ্ধার করেন। এ সময় অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়। তাঁরা হলেন মো. রোহান, মো. সায়েম, সাদ্দাম হোসেন ও জিয়াউর রহমান। তাঁদের সবার বাড়ি নগরের হালিশহর এলাকায়।

আইনগত কার্যক্রম

র‌্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ