প্রবাসীকল্যাণমন্ত্রী: সিলেট ডিসির বদলি রুটিন ওয়ার্ক, মাজারে স্বচ্ছতা আনা হবে
প্রবাসীকল্যাণমন্ত্রী: সিলেট ডিসির বদলি রুটিন ওয়ার্ক

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে চলমান কিছু কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। বুধবার বিকেলে তিনি সিলেট সফরে এসে সদ্য বিদায়ী জেলা প্রশাসক (ডিসি) সারওয়ার আলমের বদলিকে ‘রুটিন ওয়ার্ক’ বলে মন্তব্য করেন।

ডিসির বদলি ও মাজার প্রসঙ্গ

হজরত শাহজালাল (রহ.)-এর মাজারের ডেক ও দানবাক্সে সিলগালা করার ঘটনায় ডিসিকে প্রত্যাহার করা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘এটা কাকতালীয়। এটা (বদলি) আগে হইলেও হইতে পারত, পরে হইলেও হইতে পারত। তবে উনি (সারওয়ার) আমাদের চোখ খুলে দিয়েছেন। সেদিকেই আমরা মোটামুটি জনগণের প্রত্যাশা পূরণে থাকব।’ তিনি আরও বলেন, মাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে।

মালয়েশিয়া সফরের ফলাফল

আগামী মাস থেকে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরের ফলাফল দৃশ্যমান হবে বলে জানান মন্ত্রী। জুলাইয়ের মধ্যে মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে সুখবর আসতে পারে। তিনি বলেন, ‘সফরটি অত্যন্ত সফল ও ফলপ্রসূ হয়েছে। মালয়েশিয়া সরকার ও জনগণের আন্তরিক সহযোগিতা এবং দুই দেশের শীর্ষ পর্যায়ের আলোচনার ফলে শ্রমবাজার ও জনশক্তি রপ্তানিসহ বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হয়েছে। আগামী জুলাই মাসের মধ্যে মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করবেন।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ওসমানী বিমানবন্দরে প্রবাসীসেবা

প্রবাসীদের সেবার মান উন্নয়নে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে বয়োজ্যেষ্ঠ, অসুস্থ এবং বিশেষ সহায়তাপ্রার্থী যাত্রীদের জন্য লাগেজ ব্যবস্থাপনা, সহায়ক সেবা ও প্রাথমিক চিকিৎসাসুবিধা নিশ্চিত করার কাজ চলছে। নিরাপত্তাব্যবস্থা জোরদার, রাতের ফ্লাইটে যাত্রীদের নিরাপদ যাতায়াত এবং শিশুদের জন্য কিডস জোন স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় এবং প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সমন্বয়ে এসব উদ্যোগ বাস্তবায়ন করা হবে।

কাতারে নিহত প্রবাসী যুবক

কাতারে নিহত পাঁচ প্রবাসী যুবকের বিষয়ে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে বলে মন্ত্রী জানান। নিহতদের মরদেহ দেশে আনা, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের বিষয়টি অগ্রাধিকারভিত্তিতে বিবেচনা করা হচ্ছে।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে মন্ত্রীর সঙ্গে সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান, প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব দেবজিৎ সিনহা, শ্রম মন্ত্রণালয়ের উপসচিব শামসুল ইসলাম, সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা, বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন সরকারি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত প্রধানদের সঙ্গে মতবিনিময় করেন মন্ত্রী।