মেলবোর্নে হলি ক্রস স্কুলের ৭৫ বছর পূর্তি উদযাপন
মেলবোর্নে হলি ক্রসের ৭৫ বছর পূর্তি উৎসব

অস্ট্রেলিয়ার মেলবোর্নে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান হলি ক্রস স্কুল অ্যান্ড কলেজের ৭৫ বছর পূর্তি উদ্‌যাপিত হয়েছে। ৩ মে, রোববার মেলবোর্নের ফেয়ারফিল্ড পার্কে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে প্রাক্তনীরা মেতে ওঠেন প্রাণের স্পন্দনে।

প্রাক্তনীদের মিলনমেলা

এক প্রেরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই মিলনমেলায় মেলবোর্ন ছাড়াও সিডনি, ক্যানবেরা ও পার্থ থেকে প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেন। বহু বছর পর পুরোনো বন্ধুদের কাছে পেয়ে স্মৃতিকাতর হয়ে পড়েন সবাই। অনুষ্ঠান প্রাঙ্গণ যেন পরিণত হয়েছিল একটুকরা কলেজ ক্যাম্পাস, যেখানে সেই চেনা স্বাদ ফিরিয়ে আনতে পরিবেশন করা হয় স্কুলের ক্যান্টিনের জনপ্রিয় আলুর চপ ও সবজি রোল।

দিনব্যাপী আয়োজন

দিনব্যাপী আয়োজনে ছিল গান, কবিতা আবৃত্তি, স্মৃতিচারণা ও কৌতুক। এ ছাড়া আকর্ষণীয় র‍্যাফল ড্র পুরো অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে। প্রতিটি মুহূর্তকে ফ্রেমবন্দী করতে ছিল বিশেষ আলোকচিত্রের ব্যবস্থা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নতুন সংগঠনের যাত্রা

এই মাহেন্দ্রক্ষণেই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল বাংলাদেশের হলি ক্রস প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘অস্ট্রেলিয়া বাংলাদেশ হলি ক্রস অ্যালমনাই অ্যাসোসিয়েশন’। নতুন এই কার্যনির্বাহী কমিটিতে আনিতা আলী সভাপতি, সামিরা মান্নান সহসভাপতি, সেহেলী শারমীন সাধারণ সম্পাদক এবং শাহনীলা মুনির কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

জনহিতকর কাজে অংশ

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, এই মিলনমেলার নিবন্ধন ফির একটি অংশ ইতিমধ্যে জনহিতকর কাজে ব্যয় করা হয়েছে। আগামী দিনেও আর্ত মানবতার সেবায় এই সংগঠন হলি ক্রসের ঐতিহ্য বজায় রাখতে বদ্ধপরিকর।

দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ