প্রধানমন্ত্রীর আকস্মিক স্পারসো পরিদর্শন
প্রধানমন্ত্রী তারেক রহমান রোববার (২৮ জুন) সকালে রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে অবস্থিত বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের (স্পারসো) প্রধান কার্যালয়ে আকস্মিক পরিদর্শন করেন। পূর্বঘোষিত কর্মসূচির বাইরে এই পরিদর্শনকালে তিনি প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. রাশিদুল ইসলাম প্রধানমন্ত্রীকে চলমান কার্যক্রম, গবেষণা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন। বিভিন্ন বিভাগের কর্মকর্তারা তাদের উদ্ভাবন, গবেষণা কার্যক্রম ও প্রযুক্তিগত সক্ষমতা তুলে ধরেন।
প্রধানমন্ত্রীর নির্দেশনা
পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান স্পারসোকে আধুনিক, যুগোপযোগী ও স্বনির্ভর প্রতিষ্ঠানে পরিণত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি জাতীয় নিরাপত্তা, প্রযুক্তিগত অগ্রগতি এবং দেশের উন্নয়নে কার্যকর অবদান রাখতে সক্ষম একটি শক্তিশালী মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান হিসেবে স্পারসোকে গড়ে তুলতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
উপস্থিত কর্মকর্তারা
এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, প্রতিরক্ষা সচিব মো. আশরাফ উদ্দিন, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম, উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় ও স্পারসোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্পারসো দেশের মহাকাশ বিজ্ঞান, উপগ্রহ প্রযুক্তি এবং দূর অনুধাবন প্রযুক্তির গবেষণা, উন্নয়ন ও প্রয়োগে কাজ করা জাতীয় প্রতিষ্ঠান।



