বিজেপি ক্ষমতায় আসায় পশ্চিমবঙ্গ ‘পশ্চিম বাংলাদেশ’ হওয়া থেকে বেঁচে গেছে বলে মন্তব্য করেছেন সেখানকার নতুন সরকারের মন্ত্রী অগ্নিমিত্র পাল। শনিবার (৯ মে) শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠিত হয়। গত ২৩ ও ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। ৪ মে প্রকাশিত ফলাফলে দেখা যায়, হিন্দুত্ববাদী বিজেপি সেখানে প্রথমবারের মতো সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে।
শপথ গ্রহণ
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ছাড়াও অন্যান্য মন্ত্রীরা আজ শপথ নেন। তাদের মধ্যে অগ্নিমিত্র পাল রয়েছেন। শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থিত ছিলেন।
অগ্নিমিত্র পালের প্রতিক্রিয়া
শপথ নেওয়ার পর অগ্নিমিত্র পাল বার্তাসংস্থা আইএএনএসকে বলেন, ‘আমি এখনো বিশ্বাস করতে পারছি না আমরা এই সংগ্রাম সফল করেছি। ২৩টি পুলিশি মামলা, অপমান, অত্যাচার, আমাদের কাজ করতে না দেওয়া, আমাদের কর্মীদের মারধর করা, তাদের ধর্ষণ করা, পোড়ানো… আমি এখনো এটি বিশ্বাস করতে পারছি না। সত্যিই কি আমাদের সরকার রয়েছে। মাঝে মাঝে আমি নিজের গায়ে চিমটি কেটে দেখি সত্যিই কি এটি হচ্ছে কি না।’
তিনি আরও বলেন, ‘শ্যামা প্রকাশ মুখার্জির স্বপ্ন পূরণ হয়েছে। পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশে পরিণত হচ্ছিল। আমরা এ থেকে পশ্চিমবঙ্গকে রক্ষা করেছি। আমরা এটিকে বাঁচাতে পেরেছি। এটি অবাস্তব অনুভূতি।’



