ইরানে অবস্থানরত সব ভারতীয় নাগরিককে দ্রুত দেশটি ছাড়ার আহ্বান জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। একইসঙ্গে নতুন করে কাউকে ইরানে না যাওয়ার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জারি করা এক নির্দেশনায় নয়াদিল্লি বলেছে, যেহেতু কিছু ফ্লাইট চালু হয়েছে, তাই ভারতীয়রা যেন সেগুলো ব্যবহার করে দ্রুত ইরান ত্যাগ করেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি
এ বিষয়ে এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভারতীয়দের আকাশপথ বা স্থলপথ—কোনোভাবেই ইরান ভ্রমণ না করার জন্য জোরালো পরামর্শ দেওয়া হচ্ছে। আঞ্চলিক উত্তেজনার কারণে আকাশসীমায় বিধিনিষেধ এবং বিমান চলাচলে অনিশ্চয়তা থাকায় ইরানের আন্তর্জাতিক ফ্লাইটগুলো ব্যাহত হচ্ছে। বিবৃতিতে আরও বলা হয়, বর্তমানে ইরানে অবস্থানরত সব ভারতীয় নাগরিক যেন দূতাবাসের সঙ্গে সমন্বয় করে নির্ধারিত স্থল সীমান্ত দিয়ে দেশটি ত্যাগ করেন।
ইসরাইলের হামলার হুমকি
অন্যদিকে ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনি ও দেশটির জ্বালানি অবকাঠামোতে হামলা চালাতে প্রস্তুত বলে জানিয়েছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ। বৃহস্পতিবার তিনি বলেন, তারা হামলার জন্য যুক্তরাষ্ট্রের সবুজ সংকেতের অপেক্ষায় আছেন। ইসরাইল কাৎজ আরও বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ পুনরায় শুরু করতে প্রস্তুত ইসরাইল। সেনাবাহিনী আক্রমণাত্মক ও রক্ষণাত্মক উভয় দিকেই প্রস্তুত এবং লক্ষ্যবস্তু নির্ধারণ করা হয়েছে।
ইসরাইল কাৎজ আরও বলেন, খামেনির রাজতন্ত্র বিলোপের জন্য যুক্তরাষ্ট্রের সবুজ সংকেতের অপেক্ষায় তারা। যারা ইসরাইলকে নিশ্চিহ্ন করার পরিকল্পনার সূচনাকারী, ইরানের সন্ত্রাসী সরকারের পরবর্তী নেতাদের হত্যা এবং ইরানের জ্বালানি ও বাণিজ্যিক অবকাঠামো ধ্বংস করে দেশটিকে অন্ধকার ও প্রস্তর যুগে ফেরত পাঠানোর জন্য তারা প্রস্তুত।
ইসরাইল কাৎজ জানান, এবারের হামলা আগের চেয়ে ভিন্ন হবে এবং ইরানের সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে এমন স্থানগুলোতে হামলা চালানো হবে।
সূত্র: ডিএনএ ইন্ডিয়া



