ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে। শনিবার (৬ জুন) এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্র উত্তেজনা কমানো বা স্থিতিশীলতার পথে ফেরার কোনো ইচ্ছা দেখাচ্ছে না। বরং তাদের ‘সাহসী ও ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ড’ অঞ্চলের নিরাপত্তাকে গুরুতরভাবে বিপন্ন করছে।
হামলার বিবরণ
বিবৃতিতে দাবি করা হয়, ইরানের সিরিক অঞ্চল এবং কিশম দ্বীপে উপকূলীয় রাডার ও নজরদারি স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা যুদ্ধবিরতির লঙ্ঘন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, এসব ঘটনার দায় ও এর পরিণতির সম্পূর্ণ দায়িত্ব যুক্তরাষ্ট্রকেই নিতে হবে।
আঞ্চলিক দেশগুলোর প্রতি আহ্বান
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আঞ্চলিক দেশগুলোর প্রতি ‘ভালো প্রতিবেশী নীতি’ অনুসরণ এবং আন্তর্জাতিক আইনের মৌলিক নীতি মেনে চলার আহ্বান জানিয়েছে। যাতে কোনো দেশ তাদের ভূখণ্ড বা অবকাঠামো ব্যবহার করে ইরানের বিরুদ্ধে আক্রমণ পরিকল্পনা বা পরিচালনা করতে না পারে।
এই ঘটনা ইরান-ইসরাইল সংঘাত এবং মধ্যপ্রাচ্য সংকটকে আরও গভীর করবে বলে বিশ্লেষকরা মনে করছেন।



