ইরান যুদ্ধে মার্কিন কৌশলগত ভুল: জ্বালানি সংকট ও দীর্ঘমেয়াদি সংঘাতের আশঙ্কা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে ঘোষণা করেছিলেন যে ইরানের বিরুদ্ধে কার্যত জয়ী হয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। এই যুদ্ধ গতকাল ১৪তম দিনে গড়িয়েছে এবং থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বরং বিশ্বজুড়ে জ্বালানি সংকট ক্রমেই তীব্র থেকে তীব্রতর হচ্ছে। বিশেষজ্ঞরা এই পরিস্থিতির জন্য যুদ্ধ শুরু করার আগে যুক্তরাষ্ট্রের কৌশলগত ভুলকেই দায়ী করছেন।
হরমুজ প্রণালি নিয়ে মার্কিন ভুল বিশ্লেষণ
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন ইরানে হামলার আগে হরমুজ প্রণালি নিয়ে বিস্তর গবেষণা করেনি। বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল সরবরাহ এই সংকীর্ণ জলপথ দিয়ে হয়। ইরান যখন ইঙ্গিত দেয় যে তারা জাহাজে হামলা করবে বা শিপিং রুট বন্ধ করে দিতে পারে, তখন পারস্য উপসাগরে জাহাজ চলাচল ব্যাপকভাবে কমে যায়। এতে তেলের দাম দ্রুত ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়িয়ে যায়, যা যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে অর্থনৈতিক চাপ তৈরি করেছে।
সিএনএন ট্রাম্প প্রশাসনের সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, অভিযানের পরিকল্পনা করার সময় যুদ্ধ দপ্তর পেন্টাগন এবং জাতীয় নিরাপত্তা পরিষদ মার্কিন সামরিক হামলার প্রতিক্রিয়ায় হরমুজ প্রণালি বন্ধ করার জন্য ইরানের পরিকল্পনাকে উল্লেখযোগ্যভাবে অবমূল্যায়ন করেছে। সূত্রগুলো স্বীকার করেছে, সংঘাতের পরিকল্পনা ও বাস্তবায়ন পর্যায়ে অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এবং জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন।
রাশিয়া ও চীনের অপ্রত্যাশিত ভূমিকা
মার্কিন প্রশাসন ধারণা করেনি যে ইরানকে রাশিয়া এবং চীন সহায়তা করতে পারে। কিন্তু মার্কিন গোয়েন্দারা জানিয়েছেন, রাশিয়া ইরানকে মার্কিন সামরিক ঘাঁটির তথ্য দিচ্ছে, যা ইরানকে তার টার্গেট নির্ধারণে সাহায্য করছে। ইরানের রণনীতিতেও রুশ প্রেসিডেন্ট পুতিনের হাত আছে বলে মনে করেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী। তিনি জানিয়েছেন, ইরানের ড্রোন কৌশলও রাশিয়ার কাছ থেকে আসছে।
আবার চীনও ইরানকে মহাকাশ থেকে সহায়তা করছে বলে গোয়েন্দারা জানিয়েছেন। চীন বছরের পর বছর ধরে ইরানের ইলেকট্রনিক যুদ্ধের দৃশ্যপট বদলে দিয়েছে। তারা উন্নত রাডার সিস্টেম রপ্তানি করেছে এবং ইরানি সামরিক নেভিগেশন ব্যবস্থাকে মার্কিন জিপিএস থেকে সরিয়ে চীনের এনক্রিপ্ট করা ‘বেইডো-৩’ নেটওয়ার্কে নিয়ে আসে। ইসরাইলের বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আমোস ইয়াদলিন আলজাজিরাকে বলেন, যুদ্ধে প্রতিটি সেকেন্ড গুরুত্বপূর্ণ। ইরান যদি শত্রু শনাক্ত করতে কয়েক মিনিট সময়ও কমিয়ে আনতে পারে, তবে তা আকাশযুদ্ধের ভারসাম্য বদলে দেয়।
ইরানের কৌশলগত ধারাবাহিক হামলা
কিছু বিশ্লেষক বলছেন, ইরান এমন একটি কৌশলের ওপর দাঁড়িয়ে আছে, যেখানে ইরানি বাহিনী ধাপে ধাপে ইসরাইলি লক্ষ্যবস্তুতে হামলা করছে এবং ঐ অঞ্চলে মার্কিন সামরিক স্বার্থের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করছে। এসব হামলার কয়েকটি লক্ষ্য রয়েছে। প্রথমত, এগুলো যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বাধ্য করে আগত ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্রিয় হতে। প্যাট্রিয়ট বা থাডের মতো এসব ব্যবস্থা প্রযুক্তিগতভাবে উন্নত হলেও অত্যন্ত ব্যয়বহুল ও সীমিতসংখ্যক।
দ্বিতীয়ত, ধারাবাহিক হামলা দেশগুলোর প্রতিরোধকারী ক্ষেপণাস্ত্রের মজুত, লজিস্টিক নেটওয়ার্ক ও সামরিক প্রস্তুতিকে চাপে ফেলতে পারে। ইরানি কর্মকর্তারা বলেছেন, তাদের অস্ত্র সরবরাহ অনেক বেশি স্থিতিশীল এবং সশস্ত্র বাহিনী বর্তমান গতিতে অন্তত ছয় মাস তীব্র যুদ্ধ চালিয়ে যেতে পারবে। মনে হচ্ছে, ইরান হামলাগুলো ছড়িয়ে দিচ্ছে, যাতে প্রতিপক্ষকে হঠাত্, সিদ্ধান্তমূলক কোনো বৃহত্ আক্রমণের মুখে পড়ার বদলে একটানা প্রতিরক্ষা বজায় রাখতে হয়।
দীর্ঘমেয়াদি সংঘাতের আশঙ্কা
যে যুদ্ধকে দ্রুত শেষ করার পরিকল্পনা ছিল, তা এখন দীর্ঘমেয়াদি সংঘাতে পরিণত হওয়ার আশঙ্কা তৈরি করেছে। এমনকি ওয়াশিংটনের ভেতরেই কিছু উপদেষ্টা হোয়াইট হাউজকে এই সংঘাত থেকে বেরিয়ে আসার পথ খোঁজার পরামর্শ দিচ্ছেন বলে জানা গেছে। ইরানের উপ-বিদেশমন্ত্রী মাজিদ তখত রাভানচি জানিয়েছেন, তেহরানের প্রধান লক্ষ্য হলো ভবিষ্যতে আর যেন কোনো দেশ ইরানের ওপর যুদ্ধ চাপিয়ে দিতে না পারে। এজন্য যুদ্ধকে দীর্ঘ মেয়াদে নিতে চায় তেহরান।
মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ইরানের পালটা প্রতিক্রিয়া থেকে শুরু করে বিশ্ব অর্থনীতিতে যুদ্ধের প্রভাব কী হতে পারে তা নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে ভুল হিসাব কষেছিল। আন্তর্জাতিক শক্তি ও পণ্য বাজারের তথ্য সংগ্রাহক সংস্থা ‘আর্গাস’র প্রধান অর্থনীতিবিদ ডেভিড ফাইফ বিবিসি নিউজকে জানিয়েছেন, লোহিত সাগরে জাহাজ চলাচল বিঘ্নিত হলে যেসব জাহাজ এশিয়া থেকে আটলান্টিকের দিকে যেতে চায়, তাদের আফ্রিকার দক্ষিণে কেপ অব গুড হোপ ঘুরে যেতে হবে। লন্ডনভিত্তিক থিংকট্যাংক চ্যাথাম হাউজের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষজ্ঞ নিল ক্যুইলিয়ামের মতে, এই পথে ১০ থেকে ১৪ দিন বেশি সময় লাগবে এবং পণ্যের ওপরে নির্ভর করে গড়ে একেকটি জাহাজের অতিরিক্ত প্রায় ২০ লাখ ডলার খরচ হবে।
মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ-র সাবেক কর্মকর্তা ব্রুস রিডেল বলেছিলেন, আধুনিক যুদ্ধে বুলেটের চেয়ে সমন্বয় অনেক বেশি মূল্যবান। শত্রু কোথায় আছে তা জানাটাই গুরুত্বপূর্ণ। পারস্য উপসাগরে এখন সেই তত্ত্বই বাস্তবে রূপ নিচ্ছে। যুক্তরাজ্যের রয়্যাল ইউনাইটেড সার্ভিস ইনস্টিটিউটের ফিলিপ শেল্টার-জোনস্ বলছেন, চীন তো যুক্তরাষ্ট্রের বিপরীতে একটা পালটা ভারসাম্যের নীতি নিয়ে চলে বলে নিজেদের তুলে ধরে। ইরান যুদ্ধ চীনের জন্য কূটনৈতিক সুযোগ গড়ে দিতে পারে।
