দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে সারা দেশে কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বৃষ্টিতে জনজীবনে দুর্ভোগ নেমেছে। রাজধানীর বিভিন্ন স্থানে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। চট্টগ্রাম ও কক্সবাজার জেলার কয়েকটি উপজেলায় বন্যা দেখা দিয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রোববারও দেশের আট বিভাগেই বৃষ্টি অব্যাহত থাকতে পারে। তবে বৃষ্টির প্রবণতা সোমবার (১৩ জুলাই) থেকে কিছুটা কমতে পারে। সপ্তাহের প্রথম কর্মদিবসে সকাল থেকেই রাজধানীতে তুমুল বৃষ্টি হয়। টানা বৃষ্টিতে চরম দুর্ভোগে পড়েছেন অফিসগামী মানুষ। ঢাকায় দিনভর থেমে থেমে বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
২৪ ঘণ্টার পূর্বাভাস
রোববার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ (৭৬ থেকে শতভাগ অঞ্চল) জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে। এ সময়ে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান তিনি।
সোমবার বৃষ্টি কমার সম্ভাবনা
সোমবার (১৩ জুলাই) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং চট্টগ্রাম ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের ভারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে। অর্থাৎ সোমবার বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির প্রবণতা কিছুটা কমে যেতে পারে।
গত ২৪ ঘণ্টার বৃষ্টিপাতের পরিমাণ
আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারা দেশেই বৃষ্টি হয়েছে। ঢাকায় ৯৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এ সময়ে সবচেয়ে বেশি ১৩২ মিলিমিটার বৃষ্টি হয়েছে পটুয়াখালীতে।



