চট্টগ্রামে টানা মেঘলা আকাশ, বর্ষার স্থির দিন বিরাজ করছে
চট্টগ্রামে টানা মেঘলা আকাশ, বর্ষার স্থির দিন

টানা এক সপ্তাহ ধরে চট্টগ্রামের আকাশ মেঘে ঢাকা। দিনের বেশির ভাগ সময় সূর্যের দেখা মিলছে না। কখনও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, কখনও স্যাঁতসেঁতে আবহাওয়া—সব মিলিয়ে আলো-আঁধারির আবহে নগরজুড়ে বিরাজ করছে বর্ষার স্থির দিন। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলেও চট্টগ্রামের আকাশ ছিল ঘন মেঘে আচ্ছন্ন। মাঝেমধ্যে হালকা বৃষ্টি হলেও তীব্র গরম না থাকায় দিনের তাপমাত্রা কিছুটা সহনীয় রয়েছে।

তাপমাত্রা ও বৃষ্টিপাতের তথ্য

এদিন নগরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৭ ডিগ্রি। আমবাগান আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার দুপুর ১২টা থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ৫৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

বর্ষা মৌসুমের স্বাভাবিক বৈশিষ্ট্য

এই দীর্ঘ মেঘলা আকাশ কি অস্বাভাবিক কি না এই প্রশ্নের উত্তরে আবহাওয়া ও ভূপ্রাকৃতিক কেন্দ্র চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ আবদুর রহমান খান বলেন, 'এ ধরনের আবহাওয়া বর্ষা মৌসুমের স্বাভাবিক বৈশিষ্ট্য। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণ জলীয় বাষ্প নিয়ে আসে। এই আর্দ্র বায়ু ওপরে উঠে ঠান্ডা হয়ে ঘনীভূত হলে বিস্তৃত মেঘমালার সৃষ্টি হয়। ফলে দিনের দীর্ঘ সময় সূর্যের আলো আড়ালে থাকে।'

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ভৌগোলিক অবস্থানের প্রভাব

তিনি জানান, চট্টগ্রামের ভৌগোলিক অবস্থানও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। একদিকে বঙ্গোপসাগর, অন্যদিকে পাহাড় থাকায় সাগর থেকে আসা আর্দ্র বায়ু পাহাড়ে বাধাপ্রাপ্ত হয়ে দ্রুত ওপরে উঠে মেঘ সৃষ্টি করে। এ কারণে দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় চট্টগ্রামে দীর্ঘ সময় মেঘলা আকাশ দেখা যায়।

তাপমাত্রা ও আর্দ্রতার প্রভাব

আবহাওয়াবিদদের মতে, মেঘের কারণে সরাসরি সূর্যের তাপ কম পৌঁছায় বলে তাপমাত্রা কিছুটা কম থাকে। তবে বাতাসে আর্দ্রতা বেড়ে যাওয়ায় শরীরের ঘাম সহজে শুকায় না। ফলে তাপমাত্রা তুলনামূলক কম হলেও ভ্যাপসা অস্বস্তি অনুভূত হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রকৃতির জলচক্রে গুরুত্ব

বর্ষার এই মেঘ শুধু নগরের ছন্দই বদলায় না, প্রকৃতির জলচক্রেরও গুরুত্বপূর্ণ অংশ। নদী, খাল, জলাধার, কৃষিজমি ও বনাঞ্চল টিকে থাকার জন্য প্রয়োজন নিয়মিত বৃষ্টি ও মেঘের এই ধারাবাহিকতা। বিশেষজ্ঞরা বলছেন, বর্ষা মৌসুমে কয়েক দিন ধরে টানা মেঘলা আকাশ ও মাঝেমধ্যে বৃষ্টিপাত স্বাভাবিক ঘটনা। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী দিনগুলোতেও কখনও আকাশ পরিষ্কার হবে, আবার কখনও ঘন মেঘে ঢেকে যাবে। ফলে সূর্যের সঙ্গে বর্ষার এই লুকোচুরি আরও কিছুদিন চলতে পারে।