সৌদিতে পৌঁছেছেন ৫১ হাজার ৫৮১ বাংলাদেশি হজযাত্রী
সৌদিতে পৌঁছেছেন ৫১ হাজার ৫৮১ হজযাত্রী

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পৌঁছেছেন ৫১ হাজার ৫৮১ জন বাংলাদেশি হজযাত্রী। সোমবার (১১ মে) পর্যন্ত মোট ১৩২টি হজ ফ্লাইটে তারা সৌদি আরবে পৌঁছান। হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানান, আজ সকাল ১০টা পর্যন্ত মোট ১৩২টি ফ্লাইট জেদ্দায় অবতরণ করেছে।

হজযাত্রীদের মৃত্যু ও চিকিৎসা

হজ বুলেটিনে বলা হয়েছে, এখন পর্যন্ত দুই জন নারীসহ মোট ১২ জন হজযাত্রীর স্বাভাবিক মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১০ জন মক্কায় ও ২ জন মদিনায় মারা যান। এছাড়া সৌদি মেডিকেল টিম ২২ হাজার ৯৯৮ জন হজযাত্রীকে সরাসরি চিকিৎসাসেবা দিয়েছে। আইটি হেল্পডেস্কের মাধ্যমে আরও ১৪ হাজার ৮৬৯ জন স্বাস্থ্যসেবা পেয়েছেন।

হজ অনুমতি ও এজেন্সি

পরিচালক বলেন, চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। মোট ৬৬০টি এজেন্সি এ কার্যক্রম পরিচালনা করছে, যার মধ্যে ৩০টি প্রধান ও ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি রয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিমান সংস্থাভিত্তিক তথ্য

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৬২টি ফ্লাইটে ২৪ হাজার ৬৩৭ জন, সৌদি এয়ারলাইন্সের ৪৮টি ফ্লাইটে ১৮ হাজার ৪৮৮ জন ও ফ্লাইনাসের ২২টি ফ্লাইটে ৮ হাজার ৪৫৬ জন হজযাত্রী সৌদি আরবে গেছেন। অবশিষ্ট ২৬ হাজার ৭৯২ জন হজযাত্রী পর্যায়ক্রমে নির্ধারিত এয়ারলাইন্সের মাধ্যমে ধাপে ধাপে সৌদি আরবে যাবেন।

প্রথম হজ ফ্লাইট

এর আগে, গত ১৭ এপ্রিল রাত ১১টা ৫৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৮ জন হজযাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট (বিজি৩০০১) জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যায়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ