তামিলনাড়ুতে ভোটগ্রহণ শেষ, ৮২ শতাংশ ভোট পড়েছে
তামিলনাড়ুতে ভোটগ্রহণ শেষ, ৮২% ভোট পড়েছে

ভারতের তামিলনাড়ুতে আজ বৃহস্পতিবার বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। রাজ্যটিতে মোট ভোট পড়েছে ৮২ দশমিক ২৪ শতাংশ। আগামী ৪ মে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। তামিলনাড়ুতে দীর্ঘদিন ধরে ডিএমকে এবং এডিএমকের মধ্যে মূল লড়াই চলে আসছে। এবার জয়ললিতার দল এডিএমকের সঙ্গে জোট বেঁধে লড়ছে বিজেপি। তবে এবারের ভোটের লড়াইয়ে আরও একটি নতুন শক্তি যুক্ত হয়েছে। অভিনেতা থেকে রাজনীতিকে বেছে নেওয়া থালাপতি বিজয়ের দল ‘তামিলাগা ভেটরি কাজাগাম’ (টিভিকে) এবার মাঠে নেমেছে।

নতুন শক্তি টিভিকে

২০২৪ সালের ফেব্রুয়ারিতে বিজয়ের দল টিভিকের সূচনা হয়। তবে সেই বছরের লোকসভা নির্বাচনে তারা অংশ নেয়নি। জল্পনা ছিল যে আসন্ন বিধানসভা ভোটে ডিএমকের সঙ্গে সমঝোতা হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত একাই লড়ছে বিজয়ের দল। সংখ্যাগরিষ্ঠতা পেলে মুখ্যমন্ত্রী হওয়ার ইচ্ছা রয়েছে বিজয়ের। তিনি তিরুচিরাপল্লি পূর্ব এবং পেরাম্বুর কেন্দ্র থেকে লড়ছেন।

স্ট্যালিনের লড়াই

অন্যদিকে কোলাথুর কেন্দ্র ধরে রাখতে মরিয়া তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে নেতা এম কে স্ট্যালিন। ২০১১ সাল থেকে তিনি ওই আসনে জিতছেন। তাঁর পুত্র উদয়নিধিও চেপাউকে কেন্দ্র থেকে ভোটপরীক্ষা দিচ্ছেন। ২০২১ সালের বিধানসভা ভোটে এই আসন থেকে জিতেছিলেন তিনি। ডিএমকের সঙ্গে জোটে লড়ছে কংগ্রেস এবং বাম দলগুলো।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এডিএমকে-বিজেপি জোট

২০২১ সালের বিধানসভা ভোটে এডিএমকে বিজেপিকে মাত্র ২০টি আসন ছেড়েছিল। সেই ভোটে বিপুল জয় পায় ডিএমকে-কংগ্রেস-বাম জোট। এরপর এডিএমকে এনডিএ জোট ছেড়ে দেয়। ২০২৪ সালের লোকসভা ভোটে আলাদাভাবে লড়ে দুই দলেরই ভরাডুবি হয়। তামিলনাড়ুর ৩৯টি আসনের সব কটিতেই জিতেছিল ‘ইন্ডিয়া’ জোট। তবে এবারের বিধানসভা ভোটে এডিএমকেকে সঙ্গী করেই তামিলভূম জয়ের লক্ষ্যে নেমেছে বিজেপি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ভোটের পরিসংখ্যান

তামিলনাড়ুর ২৩৪টি বিধানসভা আসনে ভোট হচ্ছে। মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন টানা দ্বিতীয়বার ক্ষমতায় আসার জন্য লড়াই করছেন। অন্যদিকে এআইএডিএমকের ইডাপ্পাদি কে পালানিস্বামী পাঁচ বছর পর আবার সরকারি বেঞ্চে ফেরার চেষ্টা করছেন। রাজ্যজুড়ে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। রাজ্যে মোট নিবন্ধিত ভোটার ৫ কোটির বেশি, যার মধ্যে ২ কোটি ৯৩ লাখ নারী এবং ২ কোটি ৮৩ লাখ পুরুষ। প্রায় ১৪ লাখ নতুন ভোটারও তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন।

প্রার্থী ও জোট

ডিএমকে ১৬৪টি আসনে এবং তাদের সহযোগীরা ৭০টি আসনে লড়ছে। অন্যদিকে এআইএডিএমকে ১৬৯টি এবং তাদের সহযোগীরা ৬৫টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। অভিনেতা বিজয়ের দল তামিলাগা ভেটরি কাজাগাম (টিভিকে) সব কটি আসনেই প্রার্থী দিয়েছে। তামিলভূমে এবার বিশেষ নজর রয়েছে বিজয়ের দিকে। অনেক রাজনৈতিক বিশেষজ্ঞ মনে করছেন, তরুণ প্রজন্মের ভোট বিজয়ের দলের দিকে ঝুঁকতে পারে।