গাজায় বিয়ের তাঁবুতে ইসরায়েলি হামলা, নিহত ৬
গাজায় বিয়ের তাঁবুতে ইসরায়েলি হামলা, নিহত ৬

গাজার একটি বিয়ের তাঁবুতে ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় কমপক্ষে ছয়জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১২ জনের বেশি মানুষ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার সাংবাদিক হানি মাহমুদ আজ শনিবার গাজা থেকে এ খবর জানিয়েছেন।

হামলার বিবরণ

হানি মাহমুদ বলেন, বিয়ের জন্য বানানো তাঁবু ও এর আশপাশে বেশ কয়েকটি বোমা ফেলা হয়। এতে বোমার বিস্ফোরক ও ধাতব টুকরা আশপাশে ছিটকে পড়ে। গাজার আল-শিফা হাসপাতালের একটি সূত্র আল-জাজিরার সাংবাদিকদের জানিয়েছে, এই হামলায় ১২ জনের বেশি মানুষ আহত হয়েছেন। হানি মাহমুদ আরও বলেন, হতাহত ব্যক্তিদের মধ্যে নারী ও শিশু থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই হামলায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।

পশ্চিম তীরে শিশু হত্যা

এদিকে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন জানায়, দখলকৃত পশ্চিম তীরে সাত মাস বয়সী একটি ফিলিস্তিনি শিশুকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। শিশুটি তার মা–বাবার সঙ্গে একটি গাড়িতে ছিল। ওই গাড়িতে গুলি চালানো হয়। শিশুটির বাবা বলেন, গুলি তাঁর হাত ভেদ করে তাঁর সন্তানের গায়ে বিদ্ধ হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ঘটনার স্থান ও সময়

গতকাল শুক্রবার হেবরন শহরের তেল রুমেইদা এলাকায় এ ঘটনা ঘটে। সেনাদের নির্দেশ মেনে গাড়ি থামানোর পরও ওই পরিবারের গাড়িতে গুলি চালানো হয়। সাত মাসের ওই শিশুর নাম সাম ফাহ্দ আবু হাইকাল। গুলিবিদ্ধ হওয়ার পর মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেওয়া হলে সেখানে সে মারা যায়। তার আহত মা–বাবাকেও চিকিৎসা নিতে হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ